দুই স্থানে অগ্নিকাণ্ড ৩৩ ঘর ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সিঙ্গারোল দহপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডে ২০টি ঘর পুড়ে গেছে। গত সোমবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তড়িয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ১৩টি ঘর ভস্মীভূত হয়েছে।
পীরগঞ্জের দহপাড়া গ্রামের বাসিন্দারা জানান, গ্রামের মো. হাবিবুল্যাহ মাস্টারের বাড়ির রান্নাঘর থেকে গতকাল বেলা ১১টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে হাবিবুল্যাহ, আবু তালেব, সিরাজুল ইসলাম, শামসুল হক ও আবু বকরের ২০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। প্রায় ২৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম ইফতেখারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পরিবারগুলোকে ঢেউটিন দেওয়ার জন্য ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদকে অনুরোধ জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার রাতে আটোয়ারী উপজেলার তড়িয়া ইউনিয়নের দারখোর ক্যাম্পপাড়া গ্রামের হামিদুল ইসলামের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে পাশাপাশি থাকা আটটি পরিবারের ১৩টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুনে ঘরগুলোর আসবাব, নগদ টাকা, ধান-চাল পুড়ে যায়। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।