দুই স্থানে আগুনে ৪৯ দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মহালছড়ি বাজারে গতকাল শুক্রবার ভোররাতে অগ্নিকাণ্ডে ৪২টি দোকান পুড়ে গেছে। এদিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমুহনী বাসটার্মিনালে গত বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে বাজারের কেন্দ্রস্থলের তিনটি ব্লকের দোকানপাট সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।মহালছড়ি উপজেলার চেয়ারম্যান সোনারতন চাকমা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক কয়েক কোটি টাকা।জানা গেছে, কসবার কুটি চৌমুহনী ফায়ার সার্ভিসের মাত্র ৫০০ গজ দূরে বাসটার্মিনালে রাত সোয়া একটার দিকে একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে। এতে পরপর সাতটি দোকান ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিসের লোকজন খবর পেলেও আগুন নেভাতে দেরি হয়। ব্যবসায়ীদের দাবি, আগুনে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।কুটি চৌমুহনী ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা মো. আবুল বাসার জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে গেলেও শর্টসার্কিটের কারণে কাছে যাওয়া যাচ্ছিল না। তাই আগুন নেভাতে দেরি হয়েছে।