দুই স্থানে গৃহবধূ ও যুবকের লাশ উদ্ধার
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাধুয়ারকান্দা গ্রাম থেকে গতকাল শুক্রবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত দুজন হলেন বারহাট্টা উপজেলার সাধুয়ারকান্দা গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী শিউলী আক্তার (৩৮) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা পালপাড়ার আনু মিয়ার ছেলে আক্তার হোসেন (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, সাধুয়ারকান্দা গ্রামের জয়নাল মিয়ার এক মেয়ের (১৪) সঙ্গে সম্প্রতি তাঁর ফুফাতো ভাই একই গ্রামের দুলাল মিয়ার ছেলের (১৭) বিয়ের কথাবার্তা চলছিল। মেয়ের বিয়ের বয়স না হওয়ায় শিউলি আক্তার এ বিয়েতে আপত্তি করেন। এ নিয়ে বৃহস্পতিবার রাত ১১টায় শিউলির সঙ্গে তাঁর ননদ লালবানুর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরদিন সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশে শিউলীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে বারহাট্টা থানার ওসি মো. সালেমুজ্জামান বলেন, গৃহবধূর মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। তাঁর গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মাধবপুর থানার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার পর থেকে আক্তার হোসেন নিখোঁজ ছিলেন। পরদিন সকালে স্থানীয় লোকজন হরিশ্যামাপাড়া এলাকায় একটি গাছের ডালে তাঁর গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।