দুই স্থানে দুজনকে গুলি করে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর ও কমলাপুরে গতকাল রোববার প্রায় একই সময়ে দুই ব্যক্তিকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ওই দুই ব্যক্তি মঞ্জুরুল আলম (২৭) ও মোস্তফা কামালকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মঞ্জুরুলের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে তিনি মোহাম্মদপুর পুরোনো থানা রোডসংলগ্ন একটি বেসরকারি ব্যাংক থেকে আড়াই লাখ টাকা তোলেন। টাকাগুলো একটি ব্যাগে ভরে তিনি ধানমন্ডিতে একটি ব্যাংকে যাওয়ার জন্য সূচনা কমিউনিটি সেন্টারের সামনে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী সামনে এসে তাঁর ডান ঊরুতে গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
মঞ্জুরুল সাংবাদিকদের জানান, তিনি মোহাম্মদপুরে সলিমুল্লাহ রোডে থাকেন। একটি বেসরকারি মুঠোফোন কোম্পানিতে তিনি চাকরি করতেন। সামনের মাসে তাঁর যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা।
যোগাযোগ করা হলে বিকেল সাড়ে পাঁচটার দিকে মোহাম্মদপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো ঘটনাস্থল চিহ্নিত করতে পারিনি। হাসপাতালে এসআই মাহফুজার রহমানকে পাঠানো হয়েছে।’
জানতে চাইলে এসআই মাহফুজার বলেন, ‘যানজটের কারণে এখনো হাসপাতালে পৌঁছাতে পারিনি। হাসপাতালে পৌঁছে আহত ব্যক্তির সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
হাসপাতাল সূত্র জানায়, প্রায় একই সময়ে অর্থাৎ বেলা আড়াইটার দিকে কমলাপুরে প্লাস্টিক ব্যবসায়ী মোস্তফাকে পায়ে গুলি করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। মোস্তফাকে পরে পুলিশ ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
হাসপাতালে মোস্তফা সাংবাদিকদের জানান, লালবাগের হায়দার বক্স লেনে তাঁর প্লাস্টিকের দোকান আছে। গতকাল তিনি ট্রেনে চট্টগ্রামে যাওয়ার জন্য একটি ব্যাগে ৫০ হাজার টাকা নিয়ে বাসে করে কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে নামেন। তখন কয়েকজন যুবক তাঁকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই একজন তার পায়ে গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায়।
বিকেল সাড়ে পাঁচটার দিকে যোগাযোগ করা হলে মতিঝিল থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) এস এম রফিকুল আহসান বলেন, ‘ঘটনা শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।’