দুই স্থানে দুজনকে হত্যা
শরীয়তপুর সদর উপজেলার পশ্চিম চরসন্দি গ্রামে বাকিতে সিগারেট না দেওয়ার ঘটনার জের ধরে গত রোববার একজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরা সদর উপজেলায় গত শুক্রবার রাতে এক নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করা হয়।শরীয়তপুর সদর থানা সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার তালতলা বাজারের ব্যবসায়ী বিল্লাল বেপারির কাছে বাকিতে সিগারেট চান চরনিয়ামতপুর গ্রামের বাবুল জমাদ্দার। বাকি দিতে রাজি না হওয়ায় তাঁর সঙ্গে বিল্লালের ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে রাত সাড়ে আটটায় বাবুল জমাদ্দার তাঁর সহযোগীদের নিয়ে বিল্লাল বেপারির বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা বিল্লালের ভগ্নিপতি হাসেম বেপারিকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। রাত ১১টায় শরীয়তপুর সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সিঙ্গাইরা গ্রামের শাজাহান মোল্যা, চান খাঁ, সাইফুল ও মোস্তাক আহমেঞ্চদকে আটক করেছে। চরনিয়ামতপুর গ্রামে গিয়ে বাবুল জমাদ্দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। স্থানীয় লোকজন জানান, রোববার রাতেই পরিবারের সদস্যদের নিয়ে তিন এলাকা থেকে চলে গেছেন।সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর গ্রামের শেখ ফায়সালের বাগানবাড়ির নৈশপ্রহরী আবুল হোসেনকে (৭০) গলা কেটে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার রতনেশ্বরপুর গ্রামে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শেখ পারভেজ ও নাথায়ারডাঙ্গা গ্রামের মো. মনিরুজ্জামানকে গ্রেপ্তার করেছে। নিহতের ছেলে আরাফাত হোসেন অভিযোগ করেন, তাঁর বাবা বাগানবাড়ির মালিক শেখ পারভেজের কাছে চার মাসের বেতন বাবদ ১৮ হাজার টাকা পেতেন। ওই টাকা চাওয়ায় কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে হত্যা করা হয়েছে।