দুই স্থানে দুটি লাশ উদ্ধার, কালাইয়ে গৃহবধূর মৃত্যু
পাবনার চাটমোহর থেকে এক গৃহবধূ ও মাগুরা থেকে থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জয়পুরহাটের কালাইয়ে প্রতিপক্ষের হামলায় আহত এক গৃহবধূ গতকাল মঙ্গলবার মারা গেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:চাটমোহর (পাবনা): পুলিশ গতকাল সকাল ১০টায় উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের একটি ডোবা থেকে সাবিনা (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ নিহত গৃহবধূর স্বামী আমিরুল হোসেন, শ্বশুর আবুল হোসেন ও দেবর বাবর আলীকে গ্রেপ্তার করেছে।কালাই (জয়পুরহাট): একটি পুকুরের দখল নেওয়াকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের শাবলের আঘাতে আনোয়ারা বেগম (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আনোয়ারা উপজেলার শাইলগুন গ্রামের কাইছার রহমানের স্ত্রী। গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মাগুরা: মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় রাস্তাসংলগ্ন একটি ডোবা থেকে পুলিশ গতকাল সকালে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। নিহত যুবকের নাম-ঠিকানা জানা যায়নি।