দুই স্থানে নির্বাচনী সহিংসতায় ওসিসহ আহত ১২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়ায় গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বচন পরবর্তী সহিংসতায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ (ওসি) ২০জন আহত হয়েছে। রংপুরের বদরগঞ্জ উপজেলায় গত বুধবার দুই পরাজিত ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০০ জন আহত হয়েছে। সাঁথিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কমপক্ষে ২০ জন আহত হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলার ভিটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (২২ জুন) সাঁথিয়া উপজেলার নয়টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন সকাল ১০টার দিকে নাগডেমড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিজয়ী সদস্য পদপ্রার্থী সাখাওয়াত হোসেন এবং পরাজিত প্রার্থী সরোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে সাঁথিয়া ও বেড়া থানার পুলিশ ঘটনাস্থল ভিটামারা গ্রামে আসে। এ সময় পুলিশ দুই পক্ষের সমর্থকদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিপেটাসহ ২০ রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের ইট-পাটকেলের আঘাতে সাঁথিয়া থানার ওসি এ এস এম বজলুর রশীদ, উপপরিদর্শক (এসআই) জুবায়ের হোসেনসহ তিনজন কনস্টেবল আহত হন।সংঘর্ষে ময়লাল হোসেন (২৫), বেল্লাল (২২), মুক্তা (৪৫), আলমগীর (২৬), দীপা (১২), মাহাবুবুল (৫০), লোকমান হোসেনসহ (৪২) দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। তাঁদের সবার বাড়িই ভিটাপাড়া গ্রামে।এ ঘটনায় আটক হওয়া চারজন হলেন: ভিটাপাড়া গ্রামের ফরহাদ হোসেন (৩৮), জয়নাল আবেদীন (৩৫), আলাল (৩১) ও শামসুর রহমান (৩৫)।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম বজলুর রশীদ বলেন, ‘দুই পক্ষের সমর্থকেরা আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে।’ওসি জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া চারজনসহ অজ্ঞাত ৫০০ থেকে ৭০০ জনের বিরুদ্ধে এসআই জুবায়ের হোসেন মামলা করেছেন।বদরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় শতাধিক মানুষ আহত হয়েছে। গত বুধবার উপজেলার কালুপাড়া, রামনাথপুর ও রাধানগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কালুপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী রুহুল আমিনের নেতৃত্বে তাঁর সমর্থকেরা পরাজিত অপর প্রার্থী আবদুল জলিলের বাড়িতে হামলা চালায়। আবদুল জলিলের সমর্থকেরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৬০ জন আহত হয়। এদের মধ্যে আবদুল জলিল (৪৫), তাঁর স্ত্রী পেয়ারা বেগম (৩৮), ছেলে মানিক হোসেন (২২) এবং মোস্তাফিজার রহমান (২০), রুবি খাতুন (২৮), আসাদুজ্জামান (১৫), মেহেরাজ (২২), তহুরা বেগম (৩০), মাহিন (৩২), মোকাদ্দেছ আলী (৩৫) ও তানজিরুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রামনাথপুর ইউনিয়নের খালিশা হাজিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উত্তেজনা বিরাজ করায় প্রিসাইডিং কর্মকর্তা দেবাশীষ রায় ফলাফল ঘোষণা না করে সন্ধ্যায় ভোটকেন্দ্র ত্যাগ করেন। এ খবর জানার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকেরা উপজেলা সদরে যাওয়ার পথে তিনিসহ অন্য কর্মকর্তাদের আটক করেন। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে ২০ জন আহত হয়।রাধানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী জাহিদুল ইসলামকে বিজয়ী ঘোষণা করলে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিকরুল হক ফলাফল প্রত্যাখ্যান করেন। এ নিয়ে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ২০ জন আহত হয়েছে।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার জানান, কালুপাড়া ও রামনাথপুরে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাধানগর ইউনিয়নে পুলিশ পাঠানো হয়েছে।