সিরাজগঞ্জের উল্লাপাড়ার বোয়ালিয়া বাজারের কাছে গতকাল মঙ্গলবার ট্রাক উল্টে একজন নিহত হয়েছেন। বগুড়ার শেরপুর উপজেলার কৃষ্ণপুর এলাকায় গত সোমবার সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত ও স্বামী আহত হয়েছেন।গতকাল সকালে সিরাজগঞ্জ থেকে রায়গঞ্জ আসার পথে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বোয়ালিয়া বাজারের সামনে একটি ট্রাকের পেছনের চাকা ফেটে যায়। এতে উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে গেলে ট্রাকচালকের সহকারী রায়গঞ্জের ইদ্রিস আলীর ছেলে আজিবর (২৫) মারা যান। হাটিকুমরুল মহাসড়ক থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার কৃষ্ণপুর এলাকায় সোমবার রাত সাড়ে আটটায় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গিয়ে মোটরসাইকেলের চালক আবু তালহা শামীম (৪০) আহত এবং তাঁর স্ত্রী শিরিন আক্তার (২৫) মারা যান। তাঁদের বাড়ি শেরপুর উপজেলার পেঁচুল গ্রামে।শেরপুর থানার এসআই সঞ্জীব সমাদ্দার জানান, দুর্ঘটনার পর ভটভটিটি রায়গঞ্জ উপজেলার দিকে চলে যায়। এ কারণে ভটভটির চালকের পরিচয় পাওয়া যায়নি।