দুই স্থানে পৃথক ঘটনায় নিহত ২
নেত্রকোনার কেন্দুয়া ও কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছেন।নিহতের পরিবার ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রোববার বেলা সাড়ে ১০টার দিকে কেন্দুয়া উপজেলার কোনাপাড়া গ্রামের সদর আলীর ছেলে স্বপন মিয়া (৩০) বোরো ফসলের অবস্থা দেখতে পাশের মদন উপজেলার কাজিকান্দাধলী হাওরে যান। এ সময় ইকবাল ও আবদুল্লাহ্ নামে ওই উপজেলার জাওলা গ্রামের দুই ব্যক্তি তাঁর বর্গাজমির কাঁচা ধান কেটে নিয়ে যাচ্ছিলেন। স্বপন এর প্রতিবাদ করেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইকবাল ও আবদুল্লাহ্সহ অন্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্বপনের ওপর হামলা চালান। হামলা ঠেকাতে গিয়ে হাবিবুল্লাহ্ (২৭) ও মনির (২১) নামে আরও দুই ব্যক্তি আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্বপনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।এদিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মধু মিয়া (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল ভোরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মধু মিয়ার বাড়ি উপজেলার রামদি ইউনিয়নের জাফরাবাদ গ্রামে।পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার রাত দুইটার দিকে মধু মিয়া কুলিয়ারচর সদর থেকে দুজন যাত্রী নেন। আড়াইটার দিকে রামদি ইউনিয়নের কোনাপাড়া গ্রাম অতিক্রম করার সময় তাঁরা ছিনতাইকারীর কবলে পড়েন। তিনি ছিনতাইকারীদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়লে একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে। রাতেই তাঁকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এলাকার লোকজন।কুলিয়ারচর থানার ওসি সুব্রত কুমার সাহা বলেন, ‘আমাদের ধারণা, ছিনতাইকারীর ছুরিকাঘাতে মধু মিয়ার মৃত্যু হয়েছে।’