দুই স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় গত রোববার দিবাগত রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দর্জি মারা গেছেন। বগুড়ার শেরপুরে গতকাল সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী মারা যান।আশাশুনি উপজেলায় মারা যাওয়া দর্জির নাম মণি সরদার (৪৫)। তিনি উপজেলার কাপসন্ডা গ্রামের খোদা বক্স সরদারের ছেলে। রোববার রাতে কাজ করার জন্য তিনি দোকানে ছিলেন। এ সময় কাপড় ইস্ত্রি করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। গতকাল সকালে পুলিশ ওই দোকান থেকে তাঁর লাশ উদ্ধার করে।আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুণ অর রশিদ জানান, মণি সরদার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।শেরপুর উপজেলার চন্ডেশ্বর গ্রামের মৃত রইচ উদ্দিনের স্ত্রী জয়নব বেওয়া (৫৫) গতকাল সকাল নয়টায় নিজ বাড়ির আঙিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তাঁর ছেলে আনিছুর রহমান জানান, তাঁদের বাড়ির পাশে পল্লী বিদ্যুতের লাইনের একটি খুঁটি আছে। ওই খুঁটির সঙ্গে টানা বৈদ্যুতিক একটি তার বাড়ির গোয়াল ঘরের সামনে দিয়ে গেছে। গতকাল সকালে গোয়ালঘর পরিষ্কার করে বের হওয়ার সময় ওই তারের সঙ্গে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মা মারা যান।শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা জানান, এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।