দুই স্থানে শিশুসহ দুটি লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের দৌলতপুর থেকে গতকাল শনিবার এক তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাজবাড়ী সদর উপজেলার একটি পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। খুলনায় নিহত তরুণের নাম আলিফ শেখ (২৮)। তিনি নগরের দৌলতপুর থানার পাবলা খানপাড়া এলাকার আয়নাল হকের ছেলে। রাজবাড়ীতে নিহত শিশুর নাম তৃষা (আট মাস)। সে সদর উপজেলার বাগমারা গ্রামের মো. আবুল হোসেনের মেয়ে। পাবলা খানপাড়া এলাকার একটি ছাত্রাবাসের সামনে থেকে আলিফ শেখের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, একটি ডাকাতি মামলায় আড়াই বছর জেলে থাকার পর সম্প্রতি আলিফ মুক্তি পান।রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামের আবুল হোসেনের স্ত্রী তাঁদের মেয়ে তৃষাকে কাজের মেয়ে মনিরার (১১) কাছে রেখে পাশের কক্ষে নামাজ পড়তে যান। রাত পৌনে আটটার দিকে বাড়ি থেকে প্রায় ১৫০ গজ দূরের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।