দুই স্থানে সংঘর্ষ ভাঙচুর, পুলিশসহ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার পৃথক সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রায়গঞ্জে দুই দল গ্রামবাসী দফায় দফায় সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবলসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে পাঁচটি বাড়ি ও দোকানে ভাঙচুর এবং খড়ের গাদায় অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী হাটে রামেশ্বরগাঁতী গ্রামের লাউ বিক্রেতা রইচ উদ্দীন সঙ্গে পাঙ্গাসী গ্রামের আক্তার হোসেনের বাগিবতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। এ ঘটনায় পাঙ্গাসী ও রামেশ্বরগাঁতীর লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরদিন শনিবার দিনে ও রাতে উভয় গ্রামের লোকজনের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। গতকাল সকাল আটটার দিকে পাঙ্গাসীর লোকজন মাইকে ঘোষণা দিয়ে রামেশ্বরগাঁতী গ্রামে হামলা চালান। এ সময়ে পাঁচটি বাড়ি ও দোকান ভাঙচুরসহ পাঁচটি খড়ের গাদায় আগুন দেওয়া দেওয়া হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশের কনস্টেবল জাফরুল ইসলাম ও বেল্লাল হোসেনসহ কমপক্ষে ১৫ জন আহত হন।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা বলেন, গতকাল সকালে সদর উপজেলার পৌর শহরের কয়েলগাঁতী উচ্চবিদ্যালয় সংলগ্ন স্থানে বিদ্যালয়ের জগৎগাঁতী ও শিবরামপুর গ্রামের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কির জের ধরে দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হন।