দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা কুঠিগাড়া এলাকায় গতকাল সোমবার ট্রাকের চাপায় শরিফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই দিনে বগুড়ার শেরপুরে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সকাল সাতটার দিকে শরিফুল আতাইতলা কুঠিগাড়া এলাকায় পাবনা-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শরিফুলের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি ফুলবাড়িয়া গ্রামে। ঘটনায় ক্ষুব্ধ এলাকাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় প্রায় এক ঘণ্টা বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে আতাইকুলা থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ঘটনার পর ট্রাকের চালক মহাসড়কের গঙ্গারামপুর এলাকায় ট্রাক ফেলে পালিয়ে যান।
এদিকে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর আমতলা এলাকায় সকাল আটটার দিকে ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে দুই যাত্রী আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মোশারফের মৃত্যু হয়। গুরুতর আহত অটোরিকশার চালক জহুরুল ইসলাম (৩৫) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার ছোনকা এলাকায়। তিনি উপজেলার ইটালি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।