দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল মঙ্গলবার দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
একই দিন ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আরও একজন নিহত ও তিনজন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পশ্চিম কুট্টাপাড়ায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দিগন্ত পরিবহনের চালকের সহযোগী আয়েত আলী (২৫) ও যাত্রী জহির মিয়া (৫০) ঘটনাস্থলেই নিহত হন।
আয়েত আলীর বাড়ি সরাইল উপজেলার চাকশার গ্রামে। আর জহির মিয়ার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকায়। এ ঘটনায় আহত ১৫ জনের মধ্যে কাশেম আলী ও সুমন মিয়াকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় গতকাল সকালে একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মুক্তাগাছা উপজেলার দাওগাঁও গ্রামের আবদুস ছালাম ৫০) নিহত ও আরও তিনজন আহত হন।