দুই স্থানে সড়ক দুর্ঘটনায় শ্রমিকসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গতকাল রোববার মাইক্রোবাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক্টরের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফুলবাড়ী থানার টহলরত পুলিশ সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাস গতকাল সকাল নয়টায় দ্রুতগতিতে নাগেশ্বরী যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চন্দ্রখানা গ্রামের ছমির উদ্দিনের ছেলে সোহেল রানা (২৮) মাইক্রোবাসের সামনে লাফিয়ে পড়েন। ওই মাইক্রোবাসের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টায় তিনি মারা যান। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
গতকাল সকালে তেঁতুলিয়া উপজেলার বাংলাচন্ডী এলাকায় ট্রাক্টরের চাপায় জাহাঙ্গীর (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। জাহাঙ্গীর তেঁতুলিয়া উপজেলার বাংলাচন্ডী গ্রামের শরীফ উদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টায় বাংলাচন্ডী এলাকায় পাথর কোয়ারি থেকে পাথর বোঝাই করে একটি ট্রাক্টর রাস্তায় উঠছিল। এ সময় জাহাঙ্গীর ট্রাক্টরে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে যান। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।