দুই স্থানে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ২
সিলেটের সদর উপজেলার পীরেরবাজার এলাকায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন।
একই দিন ময়মনসিংহের সদর উপজেলার চুরখাই এলাকায় ট্রাক উল্টে চালকের সহকারী নিহত হন।
নিহত সেনা সদস্যের নাম মিজানুর রহমান (২৪)। তিনি জালালাবাদ সেনানিবাসে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার দিবপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে সিএনজিচালিত অটোরিকশায় কর্মস্থলে ফিরছিলেন মিজানুর রহমান।
সকাল ছয়টার দিকে সিলেটের পীরেরবাজার এলাকায় সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে তিনি নিহত এবং ওই অটোরিকশায় থাকা আরও তিন সেনা সদস্য ও চালক আহত হন। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) জেদান আল মুসা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় গতকাল মালবাহী একটি ট্রাক উল্টে চালকের সহকারী দেলোয়ার হোসেন (২৫) নিহত হন। তাঁর বাড়ি মুক্তাগাছা উপজেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই জামতলা এলাকায় ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খেতে উল্টে যায়। এতে ট্রাকে থাকা আটার বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দেলোয়ার মারা যান। সকাল পৌঁনে আটটার দিকে পুলিশ গিয়ে লাশাটি উদ্ধার করে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।