দুই স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ২৬
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় গতকাল রোববার দুপুরে একটি বাস খাদে পড়ে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। একই সময় মাগুরার শালিখা উপজেলার আনন্দনগর গ্রামে খাদে পড়ে এক নছিমনচালক নিহত ও একজন আহত হয়।
নিহত ব্যক্তিরা হলো বাগেরহাটের সদর উপজেলার বেমা গ্রামের বাসচালকের সহকারী নাসির উদ্দিন শেখ (১৭) ও মাগুরার শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে নছিমনচালক আবু হুরায়রা (১৩)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধানসিঁড়ি পরিবহনের একটি বাস বরিশাল থেকে খুলনা যাচ্ছিল। বেলা পৌনে একটার দিকে কাউখালীর শিয়ালকাঠী চৌরাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে বাসচালকের সহকারী নাসির উদ্দিন নিহত হয়। দুর্ঘটনায় অন্তত ২৫ বাসযাত্রী আহত হয়।
শালিখা থানার উপপরিদর্শক বেলায়েত হোসেন জানান, আবু হুরায়রা গতকাল নছিমন চালিয়ে পুকুরিয়া গ্রামের বাড়ি ফিরছিল। দুপুর সাড়ে ১২টার দিকে নছিমনটি আনন্দনগর এলাকায় রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। ঘটনাস্থলে আবু হুরায়রার মৃত্যু হয়। তার চাচাতো ভাই মাজেদুল ইসলাম (৩০) আহত হন। গুরুতর অবস্থা থাকায় মাজেদুলকে ঢাকায় পাঠানো হয়েছে।