জামালপুরে গতকাল সোমবার নছিমনের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। একই দিন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চার চিকিৎসকসহ ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে গতকাল সোমবার সকাল ১০টার দিকে দ্রুতগামী নছিমনের চাপায় মির্জা আজম উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রুমি আক্তার নিহত হয়। পুলিশ নছিমনের চালক চুন্নু মিয়াকে আটক করেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেলান্দহ-মাহমুদপুর-মাদারগঞ্জ সড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করে রাখে। বেলা দুইটায় মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ আলম সিদ্দিক ঘটনাস্থলে পৌঁছে নছিমনের চলাচল নিষিদ্ধ এবং রুমির মৃত্যুর সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। রুমি নিহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার মির্জা আজম উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান জানান, স্কুলের কাছাকাছি শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমন রুমিকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় জামালপুর সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। জানা গেছে, রুমির বাবা রফিকুল ইসলাম একজন বর্গাচাষি। তাদের বাড়ি নলকুড়ি গ্রামে। পাঁচ ভাইবোনের মধ্যে রুমি সবার বড়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, নিহত রুমির লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বালুকোল এলাকায় গতকাল সোমবার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালকের সহকারী রিপনসহ (২৬) বাসের ১৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে টাঙ্গাইলের কুমুদিনি মহিলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক স্বপন কুমার মণ্ডল (৩৫), প্রভাষক হেনরি (৩৫), সুজীব কুমার মণ্ডল (৪০) ও প্রিয়াঙ্কা রয়েছেন। তাঁরা কুমুদিনি হাসপাতাল ও কলেজে চিকিৎসাধীন রয়েছেন। সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে রিপন মারা যান।