দুই স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর দীঘিরপাড় নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এদিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথরবোঝাই ট্রাকের চাপায় এক কলেজছাত্র মারা যান।গতকাল দুপুর ১২টার দিকে হোমনা থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামগামী একটি ট্রাককে অতিক্রম করতে গেলে দীঘিরপাড় নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের সহকারী (হেলপার) সোহেল রানা (২২) ও জুলেখা বেগম নামের এক নারী নিহত হন। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে দীঘিরপাড়ে ওই সময় নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামগামী রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের সহকারী দেলোয়ার হোসেন (৩২) ঘটনাস্থলেই মারা যান। এতে ট্রাকের চালক বিল্লাল হোসেন আহত হন।গতকাল দুপুর ১২টার দিকে কলেজছাত্র হেলাল উদ্দিন (২০) মোটরসাইকেলে করে তামাবিল থেকে জাফলং যাচ্ছিলেন। এ সময় জাফলং থেকে তামাবিলগামী একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হেলাল নিহত হন। তিনি জৈন্তাপুর তৈয়ব আলী কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের নলজুরি গ্রামের মৌলভী কলমদর আলীর ছেলে।