দুই স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগরে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় ইতি রানী দেব (১৮) নামের এক কলেজছাত্রী মারা গেছেন। এ ছাড়া টাঙ্গাইলের সখীপুরে গতকাল সড়ক দুর্ঘটনায় নাজমুল ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়।
ইতি রানী রাজনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি রাজনগরের নন্দীউড়া গ্রামের মঞ্জু লাল দেবের মেয়ে। সখীপুরে নিহত নাজমুল উপজেলার বেতুয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। সে সখীপুর পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গতকাল বেলা পৌনে দুইটার দিকে ইতি রানী কলেজ থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। তিনি মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ দাসপাড়া এলাকায় পৌঁছে অটোরিকশা থেকে বাইরে মাথা বের করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গিয়ে মারা যান। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সখীপুর-খোলাঘাটা সড়কে বেতুয়া কুলুচালা এলাকায় বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেলের আরোহী নাজমুল নিহত হয়।