দুই স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলীতে গতকাল শনিবার ট্রাক ও ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে চারজন আহত হন। এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাস ও ট্রাক্টরের সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গতকাল বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে বিপরীতমুখী একটি বালুভর্তি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ব্যক্তিগত গাড়িটিতে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভান। এ ঘটনায় ব্যক্তিগত গাড়ির চালক নিহত হন। এতে চার যাত্রী আহত হয়েছেন। এ ব্যাপারে সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে।এদিকে আশুগঞ্জে যাত্রীবাহী বাস ও মাছবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আমির হোসেন (৩৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আমির সরাইলের বেড়তলা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় ট্রাক্টরের চালক ও সহযোগী গুরুতর আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসে।