দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহেশ্বরকাটিতে গতকাল বৃহস্পতিবার মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর বাসস্ট্যান্ডে গত বুধবার ট্রাকের চাপায় এক যুবক নিহত হন।
আশাশুনির শ্রীউলা গ্রামের আবু বক্করের ছেলে মিজানুর রহমান (৩০) বেলা একটার দিকে মোটরসাইকেলে উপজেলা শহরে যাচ্ছিলেন। পথে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মহেশ্বরকাটি এলাকায় সাতক্ষীরাগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মিজানুর নিহত হন।
গত বুধবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার কসবা মহল্লার বাসিন্দা রুহুল আমীন শরীফের ছেলে শামীম শরীফ মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে টরকী বন্দরে যাচ্ছিলেন। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বন্দর বাসস্ট্যান্ডে পৌঁছালে মাদারীপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি মালবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাত আটটার দিকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।