দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গতকাল বৃহস্পতিবার ট্রাকের চাপায় রুহুল আমিন নামের কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। একই দিন মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় দ্বীন ইসলাম নামের এক যুবক নিহত হন৷
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় অ্যাপেক্স ইয়াং ডায়িং কারখানার সুপারভাইজার রুহুল আিমন (৩২) আহত হন৷ স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান৷
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বেলা একটার দিকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ভাটবাউর এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী দ্বীন ইসলাম (২৫) ও কবির হোসেন (২৪) গুরুতর আহত হন৷ স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দ্বীন ইসলাম মারা যান৷