দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় গতকাল বুধবার পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক সরকারি কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। একই দিন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী মারা গেছেন।
বাহুবলে নিহত দুজন হলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সিলেট কার্যালয়ের বিপণন কর্মকর্তা বোরহান মিয়া (৩০) ও পিকআপ ভ্যানের চালকের সহকারী সুমন মিয়া (২২)। বোরহানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নয়াদি গ্রামে। সুমন নরসিংদীর রায়পুর উপজেলার পলাশবাড়ি গ্রামের বাসিন্দা। ঈশ্বরগঞ্জে নিহত হয়েছেন আবদুল হেলিম (৫৫)। তাঁর বাড়ি উপজেলার ধুরিয়াকান্দি গ্রামে।
থানা-পুলিশ সূত্র জানায়, সিলেট থেকে বীজবোঝাই একটি পিকআপ ভ্যান চাঁদপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ছয়টার দিকে ভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবলের ডুবাঐ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের আরোহী বোরহান মিয়া ও সুমন মিয়া প্রাণ হারান।
ঈশ্বরগঞ্জের মহেশপুর বাজারের কয়েকজন ব্যক্তি জানান, আঠারবাড়ি-ঈশ্বরগঞ্জ সড়কের মহেশপুর নুরানী মাদ্রাসার সামনে একটি মোটরসাইকেল দ্রুতবেগে যাওয়ার সময় পথচারী আবদুল হেলিমকে ধাক্কা দেয়। এতে তিনি ও মোটরসাইকেলের চালক রোমান মিয়া সড়কে ছিটকে পড়ে আহত হন। স্থানীয় লোকজন তাঁদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হেলিমকে মৃত ঘোষণা করেন। সংকটাপন্ন অবস্থায় রোমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রহুল আমীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।