দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গতকাল বৃহস্পতিবার বাসের চাপায় দুজন নিহত হয়েছেন।একই দিন ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হন।বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) একটি যাত্রীবাহী বাস গতকাল সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার চাঁদপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের যাত্রী উপজেলার ভাটই গ্রামের আবদুস সহিদ (৪০) ও সাধুহাটি গ্রামের নান্টু মন্ডল (৩৫) নিহত ও চাঁদপুর গ্রামের লাবলু মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৩২) ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার বাড়াদি গ্রামের বাদশা মিয়া (৪০) গুরুতর আহত হন। ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। তবে পুলিশ বাসচালকের সহকারী এনামুল হক ও সুপারভাইজার শফিকুল ইসলামকে আটক করে শৈলকুপা থানায় নিয়ে গেছে। ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার ছ্যানখালী সেতুর কাছে গতকাল সকালে একটি ট্রাকের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক গোপালগঞ্জ সদরের পুরোনো মানিকদি গ্রামের আবদুল হান্নানের ছেলে তাজুল ইসলাম (২২) নিহত হন।