দুই স্থানে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ৩
হবিগঞ্জে গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার আরোহী একজন মুক্তিযোদ্ধা ও একজন শিক্ষিকা নিহত হয়েছেন। গত বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাই এলাকায় মাইক্রোবাসের চাপায় এক ব্যক্তি নিহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্না এলাকায় গতকাল দুপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বানিয়াচং বিএসডি মহিলা মাদ্রাসার শিক্ষিকা আক্তারুন নেছা (৪০) ও মুক্তিযোদ্ধা লুৎফর রহমান (৭০) নিহত হন। এ ছাড়া আহত হন চালকসহ আরও দুজন।
উপজেলা সদর থেকে গতকাল বেলা দুইটার দিকে হবিগঞ্জগামী অটোরিকশা ওই সড়কের রত্না নামক এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী দুজন নিহত হন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাই এলাকায় মাইক্রোবাসের চাপায় আনোয়ার আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ারের বাড়ি স্থানীয় স্বল্প পেন্নাই গ্রামে। তাঁর ছেলে মিজানুর রহমান প্রথম আলোকে জানান, রাতে বাড়ি-সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে চট্টগ্রামগামী ওই মাইক্রোবাস তাঁর বাবাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত আনোয়ার আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আউয়াল এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।