দুই স্থানে সড়ক দুর্ঘটনায় যুবক ও নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় গতকাল রোববার এক যুবক ও এক বৃদ্ধা নিহত হয়েছেন৷ আহত হয়েছেন আরও এক যুবক৷
ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী শহরের মোহাম্মদী মসজিদের সামনে গতকাল দুপুরে বাসচাপায় মামুন মিয়া (২৭) নামে এক যুবক নিহত ও অপর একজন আহত হন৷ নিহত মামুন উপজেলা সদরের আসমতপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে৷
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, মামুন ও তাঁর সহকর্মী দিলীপ একটি বস্ত্রবিতানে কাজ করতেন। গতকাল সকালে তাঁরা মোটরসাইকেলে চড়ে ওই ব্যবসাপ্রতিষ্ঠানের একটি কাজে বের হন।
দুপুরে রংপুর থেকে ঢাকাগামী নাদের এন্টারপ্রাইজের একটি বাস তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই মামুন নিহত হন৷ আহত দিলীপকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ এ ঘটনায় মামলা হয়েছে বলে পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান৷
এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ধোবড়া গ্রামে গতকাল সকালে বাড়ির পাশের সড়কের পাশে হাঁটাহাঁটির সময় ট্রাকের ধাক্কায় ভুলন বেওয়া (৫৫) নামের এক নারী গুরুতর আহত হন৷
পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান৷