দুই স্থানে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সব সড়ক ও মহাসড়কে গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী একই স্থানে ও সময়ে কর্মসূচি আহ্বান করায় প্রশাসন এ উদ্যোগ নেয়।
বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা প্রশাসন জানায়, সোমবার নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী দেলোয়ার হোসেন আজকে সকাল থেকে বড়াইগ্রাম ও গুরুদাসপুরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল-সমাবেশ করার ঘোষণা দেন। একই সময়ে আওয়ামী লীগের উন্নয়ন তুলে ধরতে এ দুই উপজেলার নেতারা শোভাযাত্রা ও মিছিল করার ঘোষণা দেন। এ পরিস্থিতিতে সোমবার রাত নয়টায় উভয় উপজেলার প্রশাসন সব সড়কে শোভাযাত্রা ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে। এ কারণে দুই দলের নেতা-কর্মীরা সোমবার রাতেই তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।
প্রশাসনের এ সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন জানান, এই দুই উপজেলার মধ্য দিয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চলে গেছে। গুরুত্বপূর্ণ এই সড়কে শোভাযাত্রা বের করা হলে যান চলাচল ব্যাহত হবে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।