মাদারীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও শেরপুরের নকলায় গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে৷ তবে মাদারীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থীরা৷ নকলায় কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুব কম ছিল৷ আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
কালকিনি (মাদারীপুর): মাদারীপুর সদরে কেন্দ্র দখল, এজেন্টদের মারধর করে বের করে দেওয়া এবং কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন ১৯ দল-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আবুল বাশার ও নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তানিয়া সুলতানা লাইজু৷
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাহেদ হোসেন বলেন, ‘১৯-দলীয় প্রার্থীর নির্বাচন বর্জনের কথা শুনেছি৷ আমরা সেনাবাহিনী, বিজিবিসহ প্রশাসনিক সব কর্মকর্তা নিয়ে নির্বাচন সুষ্ঠু করার সর্বাত্মক চেষ্টা করেছি।’ তবে কেন্দ্র দখলের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি৷
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): কেন্দ্র দখল এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে বিএনপি-সমর্থিত প্রার্থী মাহবুব হাছান ভোট বর্জন করেছেন৷
সকাল সাড়ে নয়টার দিকে কানাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ছাত্রলীগের নেতা টুটুল হোসেনের নেতৃত্বে কয়েকজন একটি বুথে ভোট দিচ্ছেন। বাইরে ভোটারদের উপস্থিতি ছিল না। আইয়ুবপুর কেন্দ্রে নারী বুথে একটি বইয়ে হাঁস প্রতীকে সিল মারা রয়েছে। সোনারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে আনারস ও হাঁস প্রতীকের কয়েক শ ব্যালটে সিল দেওয়া অবস্থায় টেবিলের ওপর পড়ে থাকতে দেখা যায়। অন্তত ২০টি কেন্দ্রে গিয়ে তেমন ভোটার উপস্থিতি মেলেনি৷
নকলা (শেরপুর): নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে আগ্রহ কম থাকায় প্রায় সব কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল খুবই কম৷ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, সকাল থেকে দু-একজন করে ভোটার কেন্দ্রে হাজির হচ্ছেন৷ কোনো কেন্দ্রেই উৎসবমুখর পরিবেশ বা ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়েনি৷ দুপুরে অধিকাংশ কেন্দ্রই একেবারে ফাঁকা ছিল। তবে কোনো কেন্দ্র থেকে গোলযোগ বা জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া যায়নি।