দুই স্পিডবোটের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাওড়াকান্দি-মাওয়া নৌ-রুটের শিবচরের কাঁঠালবাড়ি এলাকায় পদ্মায় বুধবার রাতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটের এক যাত্রীর মৃত্যু ও নয়জন গুরুতর আহত হন। প্রশাসনের উদাসীনতার কারণে এমন দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটছে বলে এলাকাবাসীর অনেকে দাবি করেন।স্পিডবোটে থাকা আহত যাত্রীরা জানান, বুধবার সন্ধ্যার পর ১১ জন যাত্রী নিয়ে মাওয়া থেকে স্পিডবোটটি কাওড়াকান্দি ঘাটের উদ্দেশে ছাড়ে। ওই বোটের দুজন যাত্রী কাঁঠালবাড়ি ফেরিঘাটে নেমে যান। বোটটি সেখান থেকে কাওড়াকান্দি ঘাটের উদ্দেশে রওনা হলে বিপরীত দিক অর্থাৎ কাওড়াকান্দি থেকে ছেড়ে আসা আরেকটি স্পিডবোটের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাওয়া থেকে ছেড়ে আসা বোটটির সামনের অংশ ভেঙে যায় এবং সেটি পানিতে ডুবে যায়। এ সময় যাত্রীরা পানিতে ভাসতে থাকেন। প্রায় আধঘণ্টা পর একটি স্পিডবোট গিয়ে চালকসহ আট যাত্রীকে উদ্ধার করে। কিন্তু মহিউদ্দিন মোল্লা (২৪) নামের এক যাত্রী পানিতে নিখোঁজ হন। এ সময় স্পিডবোটের যাত্রী মহিউদ্দিনের বাবা আ. মালেক মোল্লা তীরে উঠতে সক্ষম হন। কিন্তু ছেলে মহিউদ্দিনকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার মহিউদ্দিনের লাশ কাঁঠালবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়। তিনি শিবচরের বাহাদুরপুর গ্রামের হাজীপুরের বাসিন্দা।নাম প্রকাশে অনিচ্ছুক ঘাট এলাকার বাসিন্দারা বলেন, স্পিডবোটের মালিকেরা বেশি টাকার আশায় নিয়ম অমান্য করে সব সময় রাতের আঁধারে স্পিডবোট চালান। বোটে আলো না থাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগেও দুটি বোটের সংঘর্ষ হয়। সেদিনও অনেক যাত্রী আহত হন। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘ব্যাপারটি আমি শুনেছি। তবে নিয়ম অমান্য করে স্পিডবোট চালালে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’