দুই স্পিডবোটের সংঘর্ষে চিকিৎসকের স্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের কীর্তনখোলা নদীসংলগ্ন সাহেবেরহাট চ্যানেলে গতকাল শুক্রবার রাত পৌনে আটটার দিকে দুটি স্পিডবোটের সংঘর্ষে ঘটনাস্থলে একজন চিকিৎসকের স্ত্রী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে এক শিশু।
নিহত ব্যক্তি হলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সরোয়ারের স্ত্রী নাসপতি বেগম ওরফে ঝুমুর (৪৫)। তাঁর মেয়ে সাইরী আক্তার (১২) নিখোঁজ রয়েছে। দুর্ঘটনায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রদীপ কুমার বণিক আহত হয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চিকিৎসক গোলাম সরোয়ার, তাঁর স্ত্রী-মেয়েসহ পাঁচজন একটি স্পিডবোট ভাড়ায় নিয়ে ভোলা থেকে বরিশালে আসছিলেন। অপরদিকে বরিশাল থেকে আটজন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ভোলার উদ্দেশে যাচ্ছিল। সাহেবেরহাট চ্যানেলের কাছে কড়ইতলা এলাকায় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসপতি বেগম মারা যান। মেয়ে সাইরী আক্তার নিখোঁজ হয়। অপর যাত্রীরা সাঁতরে কিনারে উঠতে সক্ষম হন।
বরিশালের বন্দর থানার ওসি মাহাবুবুল আলম বলেন, নিখোঁজ সাইরীকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালাচ্ছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দুর্ঘটনার পর বরিশাল থেকে ফায়ার সার্ভিসের একটি দল রাত নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। তাঁরা নাসপতি বেগমের লাশ উদ্ধার করতে পারলেও সাইরীর কোনো সন্ধান পাননি।