দুই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তারের অভিযোগ স্বজনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেনকে র্যা ব গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে তাঁদের পরিবার। তবে র্যা ব বলেছে, এ বিষয়ে তারা কিছু জানে না।
কুষ্টিয়া প্রেসক্লাবে গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে শেখ সাজ্জাদ হোসেনের মা শাহিদা খাতুন বলেন, গাজীপুরের মাওনায় ড্রিম স্কয়ার রিসোর্টের অপারেশন ম্যানেজার শিমুল আহমেদ মুঠোফোনে তাঁদের জানান, র্যা ব সদস্যরা শুক্রবার রাত আড়াইটার দিকে রিসোর্টে অভিযান চালায়। এ সময় রিসোর্টের মালিক মনির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজ্জাদ ও আক্তারুজ্জামানকে আটক করা হয়। পরে রিসোর্ট মালিক মনিরসহ স্বেচ্ছাসেবক লীগের আটক দুই নেতাকে গাড়িতে তুলে নিয়ে যান র্যা বের সদস্যরা। শাহিদা খাতুন বলেন, তাঁরা জানতে পেরেছেন তিনজনকেই র্যা বের সদর দপ্তরে রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে সাজ্জাদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমার স্বামী যদি দোষী হয়, তবে তাঁকে বিচারের মুখোমুখি করা হোক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে আদালতে পাঠানো হোক। আমি প্রধানমন্ত্রীর কাছে এই আকুতি জানাচ্ছি।’ এ সময় আরও উপস্থিত ছিলেন সাজ্জাদের বাবা শেখ তাইজাল হোসেন, ছেলে শেখ শাহেদ হোসেন ও মেয়ে সুমাইয়া শেখ।
গতকাল বিকেল পাঁচটার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আক্তারুজ্জামানের স্ত্রী জেসমিন আরা বলেন, ‘আমার স্বামীকে র্যা ব সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে খবর পেয়েছি। তাঁর বিরুদ্ধে থানায় কোনো জিডি বা মামলা নেই। তাঁকে যেন পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।’
আক্তারুজ্জামানের ভাই ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমার ভাইসহ দুই নেতাকে গাজীপুরের একটি রিসোর্ট থেকে তুলে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমার ভাইয়ের কোনো অপরাধ নেই। তাঁকে আমরা ফেরত চাই।’
এ ব্যাপারে জানতে চাইলে র্যা ব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব প্রথম আলোকে বলেন, ‘এ রকম কিছু আমাদের জানা নেই। অনেকেই আমাদের কাছে বিষয়টি জানার জন্য ফোন দিচ্ছেন। জানতে পারলে আপনাদের জানাব।’
জানতে চাইলে র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, কুষ্টিয়ার দুই নেতাকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে তিনি কিছু জানেন না।
উল্লেখ্য, ১৫ আগস্ট কুষ্টিয়ায় জাতীয় শোক দিবসের র্যা লির পর আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগের এক কর্মী নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাজ্জাদ হোসেন।