সড়কে বড় বড় গর্ত। সেসব গর্তে জমে আছে পানি। এতে চলাচলে বিঘ্ন ঘটছে যানবাহন ও পথচারীদের। এই চিত্র শেরেবাংলা নগরের কোস্টগার্ড সদর দপ্তরের দক্ষিণ পাশের সড়কের। তা ছাড়া একই এলাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনের সড়কের অবস্থাও প্রায় একই রকম।
পথচারী ও গাড়িচালকেরা বলেন, দীর্ঘদিন ধরে সড়ক দুটি যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে আছে। প্রায়ই সড়কে আটকা পড়ছে যানবাহন। গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে অনেক। অথচ সড়ক দুটি সংস্কার করা হচ্ছে না।
এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫-এর আওতাধীন।

জানতে চাইলে ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান প্রথম আলোকে বলেন, সড়ক দুটি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ছিল। সম্প্রতি এগুলো ডিএনসিসির কাছে হস্তান্তর করা হয়েছে। সড়কগুলো সংস্কারে নতুন করে পরিকল্পনা নেওয়া হচ্ছে। শিগগিরই সংস্কারকাজ শুরু হবে। তিনি বলেন, সড়কগুলো ভালো ছিল। কিন্তু টানা বৃষ্টিতে পানি জমে সড়ক দুটির এই অবস্থা হয়েছে।
গত বৃহস্পতিবার দেখা যায়, শহীদ শাহাবুদ্দীন সড়ক থেকে কোস্টগার্ড সদর দপ্তরের দক্ষিণ-পূর্ব কোণ পর্যন্ত প্রায় দুই শ মিটার সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে প্রায় হাঁটুপানি জমে আছে। এর মধ্যেই ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ চলাচল করছে। তবে কিছুক্ষণ পরপর যাত্রী নিয়ে গর্তে আটকে পড়ছে রিকশা। পরে চালক ও যাত্রীরা পানিতে নেমে রিকশা টেনে তুলছেন। এ সময় গর্তে আটকে যাওয়া অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির ভেতরও পানি ঢুকে যেতে দেখা যায়। এই অবস্থা দেখে অনেক যানবাহনের চালক পেছনে ফিরে যান। সড়কের উত্তর পাশ ঘেঁষে কাদাপানি মাড়িয়ে চলাচল করতে দেখা যায় পথচারীদের।
শহীদ শাহাবুদ্দীন সড়কে রিকশার জন্য অপেক্ষা করছিলেন ইকবাল হোসেন নামের এক ব্যক্তি। তিনি বলেন, প্রায় ২০ মিনিট ধরে রিকশার জন্য অপেক্ষা করছি। কিন্তু কোনো রিকশাচালকই ওই সড়ক দিয়ে যেতে রাজি হচ্ছেন না। দু-একজন রাজি হলেও ভাড়া চাচ্ছেন দ্বিগুণের বেশি।
ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে কাজ শেষে সড়ক দিয়ে হেঁটে শাহাবুদ্দীন সড়কে যাচ্ছিলেন আমিরুল ইসলাম। তিনি বলেন, সড়কে দীর্ঘদিন ধরে পানি জমে আছে। সড়কে বড় বড় গর্তের কারণে প্রায়ই রিকশাসহ অন্যান্য যান উল্টে ঘটছে দুর্ঘটনা। পথচারীদের চলাচল করতে হচ্ছে কাদাপানি মাড়িয়ে। অথচ এই সড়কটি নির্বাচন কমিশন, কোস্টগার্ড সদর দপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, পরিবেশ অধিদপ্তর, পিকেএসএফ, স্থানীয় সরকার ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি কার্যালয়ে যাতায়াতের অন্যতম প্রধান রাস্তা।
বৃহস্পতিবার আনোয়ার হোসেন ও মো. মনির নামের দুই ব্যক্তিকে ভাঙা বাড়ির ইট-সুরকি সড়কের গর্তে ফেলতে দেখা যায়। তাঁরা বলেন, সানোয়ার নামে এক ব্যক্তি মণিপুর এলাকায় পুরান বাড়ি ভেঙে নতুন বাড়ি নির্মাণ করবেন। তিনি ওই ভাঙা বাড়ির ইট-সুরকি এই সড়কের গর্তে ফেলতে বলেছেন। তাই তাঁরা পিকআপে ভরে ইট-সুরকি এনে এখানে ফেলছেন। সব মিলিয়ে চার পিকআপ ইট-সুরকি এই সড়কে ফেলা হবে।
এদিকেগতকাল শুক্রবার দেখা যায়, আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ের পশ্চিম-দক্ষিণ কোণ থেকে র্যাবের কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়ক দিয়ে হেলেদুলে চলছে যানবাহন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের উত্তর পাশের সড়কে গর্তের পরিমাণ বেশি। সড়কের এই অংশের গর্তে প্রায় হাঁটুপানি জমে আছে। সড়কের মাঝ বরাবর মাত্র এক ফুট চওড়া জায়গায় ইট-পাথর দেখা গেছে। অনেক গাড়ির নিচের অংশ সড়কে লেগে যাচ্ছে। যানবাহনের ধীরগতির কারণে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হচ্ছে।
এই সড়ক দিয়ে রিকশায় চড়ে তালতলা যাচ্ছিলেন সাইদুর রহমান নামের এক ব্যক্তি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে বড় গর্তে তাঁকে বহনকারী রিকশা আটকে যায়। চালক আসন থেকে নেমেও গর্ত থেকে রিকশা তুলতে পারছিলেন না। পরে কাদাপানিতে নামতে বাধ্য হন সাইদুর রহমান।
এই সড়কের পাশের চা-দোকানি মো. শরিফ বলেন, তিন-চার মাস ধরে সড়কের এই হাল। বৃষ্টি হলে এই সড়কে চলাচল করাই মুশকিল। তিনি বলেন, বেগম রোকেয়া সরণিতে খোঁড়াখুঁড়ি করছে ঢাকা ওয়াসা। তাই অনেকে বিকল্প পথ হিসেবে এ সড়ক ব্যবহার করেন। এতে এই সড়কে যানজটের সৃষ্টি হয়।
জানতে চাইলে ডিএনসিসির ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান হোসেন বলেন, সড়ক দুটি সংস্কারের কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। আগামী ডিসেম্বর নাগাদ সড়ক সংস্কারে দরপত্র আহ্বানের সম্ভাবনা আছে।