দুই সড়কে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী আন্তজেলা সড়ক দিয়ে প্রতিদিন দুর্ভোগে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে। ছবিটি সম্প্রতি নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গা এলাকা থেকে তোলা l প্রথম আলো
নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী আন্তজেলা সড়ক দিয়ে প্রতিদিন দুর্ভোগে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে। ছবিটি সম্প্রতি নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গা এলাকা থেকে তোলা l প্রথম আলো

নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী আন্তজেলা সড়ক দুটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সংস্কার না করায় বাধ্য হয়ে বর্ণনাতীত ভোগান্তি সয়ে প্রতিনিয়ত এ পথে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। সড়ক দুটির অসংখ্য জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। এসব পথে চলাচল করতে গিয়ে প্রতিদিনই ঘটছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়ক দুটির বেহাল দশার কারণে রাজশাহী বিভাগীয় শহর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে যাতায়াত করতে যাত্রীদের চরম দুর্ভোগ সইতে হচ্ছে। বিশেষ করে নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড করা রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পড়তে হয় আরও বেশি ভোগান্তিতে। দীর্ঘদিন ধরে সড়ক দুটি চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও কর্তৃপক্ষ সংস্কারের কোনো ব্যবস্থাই নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় ব্যক্তিদের।

নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সড়ক এটি। ছবিটি নিয়ামতপুর উপজেলার রামনগর এলাকা থেকে সম্প্রতি তোলা
নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সড়ক এটি। ছবিটি নিয়ামতপুর উপজেলার রামনগর এলাকা থেকে সম্প্রতি তোলা

নওগাঁর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও এলাকাবাসী সূত্র জানায়, নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, আমনুরা ও গোমস্তাপুর হয়ে নওগাঁর নিয়ামতপুর, পোরশা ও সাপাহারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। সাপাহার থেকে রাজশাহীর গোদাগাড়ী পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য ৯০ কিলোমিটার। এই রাস্তার পোরশা সারাইগাছী থেকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার অংশ সর্বশেষ সংস্কার করা হয় ২০০৯ সালে। অন্যদিকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ আন্তজেলা সড়কটি নিয়ামতপুর উপজেলা সদর হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। নিয়ামতপুর উপজেলা সদর থেকে উপজেলার ধানসুরা পর্যন্ত ১৭ কিলোমিটার রাস্তা সর্বশেষ সংস্কার করা হয় ২০০৭ সালে।
গত শুক্রবার নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী আন্তজেলা সড়কটির পোরশা উপজেলার সারাইগাছী মোড় থেকে নিয়ামতপুর উপজেলার ধানসুরা পর্যন্ত ২৫ কিলোমিটার ঘুরে দেখা গেছে, গুরুত্বপূর্ণ এই রাস্তার অসংখ্য জায়গায় পিচ ও ইটের খোয়া উঠে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। বিশেষ করে নিয়ামতপুর উপজেলার টগরইল থেকে ঘুঘুডাঙ্গা, ধানসুরা মোড়, সিরাজপুর ও আড্ডা বাজার পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের অবস্থা সবচেয়ে খারাপ।
সড়কটি দিয়ে চলাচলকারী নিয়ামতপুর উপজেলার ধানসুরা এলাকার বাসিন্দা রেজাউল, চঞ্চল, আবদুল বারিক, মোজাফফরসহ সাত-আটজনের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কৃষিপণ্য আনা-নেওয়া থেকে শুরু করে প্রতিদিনকার প্রয়োজনে রাস্তাটি দিয়ে যাতায়াত করতে সাংঘাতিক দুর্ভোগ সইতে হচ্ছে। বিশেষ করে এ পথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের কষ্ট বর্ণনাতীত। কিন্তু মেরামতের কোনো উদ্যোগ নেই।
সাপাহার-রাজশাহী বিআরটিসি বাসের চালক জাহিদুল ইসলাম বলেন, সড়কটির বেহাল অবস্থা সত্ত্বেও ঝুঁকি নিয়েই তিনি প্রতিদিন বাস চালাচ্ছেন। এতে করে মাঝে মাঝেই সড়কের গর্তে বাস আটকে যায়। গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে পথেই বাস বিকল হয়ে পড়ে। তখন যাত্রীদের নিয়ে অত্যন্ত বিপদে পড়তে হয়।

একই দুর্ভোগ নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সড়কটি দিয়ে চলাচলকারী যাত্রীদেরও। নিয়ামতপুর উপজেলা সদর থেকে উপজেলার ধানসুরা পর্যন্ত ১৭ কিলোমিটার ঘুরে দেখা যায়, পিচ ও ইটের খোয়া উঠে রাস্তাটি বড় বড় গর্তে ভরে গেছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে আছে। দুই ধারের মাটি সরে রাস্তার কাঁচা অংশ নিচু হয়ে যাওয়ায় বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে।

নিয়ামতপুর উপজেলা সদরের মাইক্রোবাস স্ট্যান্ডে দেখা হয় চালক আবদুল বাতিন, জোবায়ের, সাইফুল ও মোমিনুলের সঙ্গে। তাঁরা বলেন, গাড়ির ইঞ্জিন, পার্টস নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ওই রাস্তা দিয়ে মাইক্রোবাসের চালকেরা কেউ যেতে চান না। সুস্থ মানুষ গাড়িতে করে গেলেও ঝাঁকুনিতে পেট ব্যথা হয়ে যায়। আর রোগী হলে তো কথাই নেই।

নওগাঁ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল হামিদ বলেন, তিন মাস আগে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী আন্তজেলা সড়কের নওগাঁ অংশের ৬০ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য দরপত্র আহ্বান ও ঠিকাদার নির্বাচন করা হয়েছে। কিন্তু বর্ষার কারণে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তবে শিগগিরই কাজ শুরু হয়ে যাবে। আর নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সড়কের মান্দা ফেরিঘাট থেকে নিয়ামতপুর পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তা কয়েক মাস আগে সংস্কার করা হয়েছে। নিয়ামতপুর থেকে ধানসুরা পর্যন্ত ১৭ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য এই মাসেই দরপত্র আহ্বান করা হবে। শিগগিরই এই কাজ শুরু হয়ে যাবে।