
পিচ উঠে এবড়োখেবড়ো সড়ক। জায়গায় জায়গায় ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে কাদা-পানিতে ভরে যায়। সংস্কার না করায় রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাজার-উপজেলা পরিষদ ও তারাগঞ্জ-কাজীরহাট সড়ক দুটি এখন বেহাল।
গত রোববার কুর্শা ইউনিয়নে গিয়ে দেখা গেছে, দুই কিলোমিটার দীর্ঘ তারাগঞ্জ বাজার-উপজেলা পরিষদ সড়কের বেশির ভাগ অংশের পিচ উঠে গেছে। কোথাও কোথাও ইট উঠে গর্ত হয়েছে। সড়কের থানা মোড় এলাকার অবস্থা বেশি খারাপ। এই অংশ কাদা আর পানিতে একাকার। এর ওপর দিয়ে হেলেদুলে চলছে রিকশা ও ভ্যান।
স্থানীয় অনেকে বলেন, এ সড়কটি অনেক গুরুত্বপূর্ণ। এই এলাকায় প্রায় ৭০০ ব্যবসায় প্রতিষ্ঠান আছে। সড়কের আশপাশে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে। প্রতিদিন বহু মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। এটি ব্যবহার না করলে প্রায় দেড় কিলোমিটার ঘুরে তারাগঞ্জ-বদরগঞ্জ সড়ক দিয়ে যেতে হয়।
তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হেলালী আক্তার বলে, বর্ষায় কাদা-পানির জন্য এই রাস্তা দিয়ে স্কুলে যেতে কষ্ট হয়। সড়কে কাদা-পানি থাকায় স্কুলের জুতা হাতে নিয়ে যেতে হয়। কিন্তু কাদা-পানি লেগে কাপড়চোপড় নষ্ট হয়।
থানাপাড়া গ্রামের বাসিন্দা বাবলা মিয়া বলেন, ‘ভাইজান, এটা রাইস্তা, না চাষ করা জমি? কোন পাপ যে হামরা করছিনো, আল্লায় হামাক গজবের মধ্যে ফেলাইছে। এই রাস্তার কোনা দিয়া যাওয়া আইসা করতে এলা কষ্ট হয়।’
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ‘তিন বছর ধরে এই অবস্থা চললেও সংস্কার করা হচ্ছে না। ওই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন পথচারীরা দুর্ভোগে পড়ছে। আমাদের ব্যবসারও ক্ষতি হচ্ছে।’
তারাগঞ্জ বাজারের বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, পানিনিষ্কাশনের পথ না থাকায় সামান্য বৃষ্টিতে এ সড়কে কাদা-পানি জমে যায়। এ কারণে ক্রেতাদের দোকানে আসতে সমস্যা হয়।
একই অবস্থা কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ-কাজীরহাট সড়কটিরও। পাঁচ কিলোমিটার দীর্ঘ এ সড়ক দিয়ে বহু যানবাহন ও মানুষ চলাচল করে। কিন্তু সংস্কার না করায় সড়কটির তারাগঞ্জ নতুন চৌপতি থেকে স মিল পর্যন্ত এক কিলোমিটার অংশে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে।
শিকারপাড়া গ্রামের কৃষক নয়ন মিয়া বলেন, ‘ওই রাস্তা কোনার মেলা জাগাত পিচ উঠি যেয়া খাল (গর্ত) হইছে। পানি (বৃষ্টি) হইলে খালগুলাত পানি জমে। তখন এদি হাঁটতে কষ্ট হয়।’
ইউপি সদস্য তুহিনুর ইসলাম বলেন, তারাগঞ্জ-কাজীরহাট সড়কের দুই পাশের বাসিন্দারা নিজ নিজ বাড়ির সামনের জায়গা মাটি দিয়ে ভরাট করেছেন। তাই সড়কটির ওই অংশ নিচু হয়ে গেছে। বৃষ্টি হলে পানি জমে। কোনো নালা না থাকায় সেই পানি সহজে সরতে পারে না। ফলে সড়কটির ঢালাই ও খোয়া উঠে ওই অংশ নষ্ট হচ্ছে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান বলেন, সড়কটির ওই অংশের দুই পাশে নালা তৈরির জন্য উপজেলা সমন্বয় কমিটিতে একাধিকবার আলোচনা করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, তারাগঞ্জ বাজার-উপজেলা পরিষদ ও তারাগঞ্জ-কাজীরহাট সড়ক দুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে। কয়েক দিন আগে এলাকার লোকজন তাঁকে সড়ক দুটির বেহাল অবস্থার কথা জানিয়েছেন। বিষয়টি জানার পর তিনি দুটি সড়কের বিভিন্ন স্থানে খোয়া ফেলেছেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আহমেদ হায়দার জামান বলেন, ওই সড়ক দুটির সমস্যার কথা জানা আছে। বরাদ্দ পেলে সংস্কার করা হবে।