দুই সড়কের দুই কিলোমিটারে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের নাইওরপুল-টিলাগড় সড়কের মীরাবাজার এলাকার এই দৃশ্য গতকাল ধারণ করা l প্রথম আলো
সিলেট নগরের নাইওরপুল-টিলাগড় সড়কের মীরাবাজার এলাকার এই দৃশ্য গতকাল ধারণ করা l প্রথম আলো

নাইওরপুল থেকে টিলাগড় এবং আম্বরখানা থেকে লাক্কাতুরা সিলেট নগরের গুরুত্বপূর্ণ দুই প্রধান সড়ক। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীন প্রায় দুই কিলোমিটার করে সড়ক দুটির কার্পেটিং উঠে বিধ্বস্ত হয়েছে। এতে সড়ক দুটিতে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে।
কয়েক দিনের টানা বৃষ্টিতে অবস্থা আরও নাজুক হয়ে পড়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। নগরের গুরুত্বপূর্ণ দুটি সড়ক সংস্কারে একধরনের বৃষ্টিভীতি পেয়ে বসেছে সড়ক ও জনপথ বিভাগকে। টানা বৃষ্টিপাত বন্ধ না হওয়া পর্যন্ত সড়কগুলো সংস্কার করা যাবে না বলে সওজের প্রকৌশল বিভাগ জানিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সড়ক দুটির স্থানে স্থানে বিটুমিন, পাথর ও ইটের খোয়া উঠে অনেক গভীর গর্ত তৈরি হয়েছে। এসব গর্তে পানি জমে থাকায় পথচারী ও যান চলাচলে সমস্যা হচ্ছে। বৃষ্টির পানিতে ভেসে আসা আবর্জনা খানাখন্দে জমে রয়েছে। পানিতে সেই আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। বেশির ভাগ অংশে পাথর ও বিটুমিনের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে থাকায় গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
সোনারপাড়া এলাকার বাসিন্দা আসাদুজ্জামান মিয়া বলেন, ‘সড়কের দুরবস্থার জন্য ঘর থেকে বের হওয়ার ইচ্ছা জাগে না। গাড়ি এঁকেবেঁকে পথ চলে। চালকের অসাবধানতায় গাড়ি একটু এদিক-সেদিক গেলেই গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটায়। প্রায় প্রতিদিনই আট-দশটা দুর্ঘটনা ওই সড়কের নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
গুরুত্বপূর্ণ দুই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২৫ হাজার মানুষ রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, বাস বা ব্যক্তিগত গাড়ি দিয়ে চলাচল করে বলে একাধিক যানবাহনের চালক নিশ্চিত করেন। চালকেরা জানান, দুই সড়কের বিধ্বস্ত অবস্থার কারণে প্রায় প্রতিদিনই যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশাসহ গণপরিবহন বিকল হতে দেখা যায়। তবে বেশির ভাগ ক্ষেত্রে রিকশা খানাখন্দে পড়ে স্প্রিং বা চাকা বেঁকে যায়।
স্থায়ী বাসিন্দারা জানান, নাইওরপুল থেকে টিলাগড় সড়কের নাইওরপুল, মীরাবাজার, ফরহাদ খাঁ পুল, শিবগঞ্জ, সাদিপুর, টিলাগড় অংশে খানাখন্দ বেশি। আম্বরখানা থেকে লাক্কাতুরা সড়কের আম্বরখানা, মজুমদারি, খাসদবির, বাদামবাগিচা, চৌখিদেখি, মালনীছড়া অংশের খুবই করুণ অবস্থায় রয়েছে। এসব স্থানে গভীর গর্ত তৈরি হওয়ায় যানবাহনগুলোকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। মীরাবাজার এলাকার ব্যবসায়ী কাওসার হক বলেন, ‘গত বছর নাইওরপুল থেকে টিলাগড় পর্যন্ত সড়ক সংস্কারের কাজ হয়। তখন অত্যন্ত নিম্নমানের কাজ হওয়ায় চার-পাঁচ দিনের মধ্যেই কার্পেটিং উঠে যেতে শুরু করে। স্থানীয় লোকজন প্রতিবাদ জানালে তখন সওজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এখন পুরো সড়কটি সামান্য বৃষ্টিতেই বিধ্বস্ত রূপ নিয়েছে।’
সড়ক দুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত সওজের প্রকৌশল বিভাগ জানিয়েছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে এই দুটি সড়কের অবস্থা আরও করুণ হয়েছে। তাৎক্ষণিকভাবে ইট-বালু ফেললেও তা পরক্ষণেই বৃষ্টির পানির তোড়ে সরে পড়ছে। তবে নিম্নমানের কাজের কারণে নাইওরপুল থেকে টিলাগড় সড়ক বিধ্বস্ত হয়েছে—স্থানীয়দের এ অভিযোগ সত্য নয় বলে দাবি তাদের। রোদ উঠলেই জরুরি সংস্কারের আওতায় ইট-বালু-বিটুমিন ফেলে সড়ক দুটি চলাচলের উপযোগী করা হবে বলেও তারা জানিয়েছে।
সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ প্রথম আলোকে বলেন, ‘সড়ক দুটি চলাচলের অনুপযোগী হলেও বৃষ্টির কারণে এখনই সংস্কার করা সম্ভব নয়। তবে এসব সড়কে মাত্রাতিরিক্ত ট্রাক ও যানবাহন চলাচল করায় সিলকোডের মাধ্যমে সংস্কার করে টেকানো সম্ভব নয়। এ ক্ষেত্রে পুরো কার্পেটিং তুলে ভিত্তি মজবুত করে দুই স্তরে কার্পেটিং করলে সড়ক দুটি দীর্ঘমেয়াদি টেকসই হবে।’