দুই সড়কের মাঝে এক স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি কী পড়াই বেশির ভাগ সময় নিজেই তা শুনি না। মাঝেমধ্যে চিৎকার করতে হয়। যানবাহনের শব্দে ক্লাসে পাঠদানই মুশকিল হয়ে পড়েছে।’ কথাগুলো বরগুনার আমতলী উপজেলার ঘটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লীলা বিশ্বাসের। ওই বিদ্যালয়ের সামনে দিয়ে চলে গেছে পটুয়াখালী-আমতলী-কলাপাড়া মহাসড়ক। বিদ্যালয়টির পেছনে রয়েছে ঘটখালী-তালুকদারহাট সংযোগ সড়ক। এই সড়ক দুটির মাঝখানে বিদ্যালয়টি পড়েছে; সড়কগুলো থেকে যার দূরত্ব মাত্র তিন ফুট করে। সড়কে চলাচলকারী যানবাহনের শব্দে বিদ্যালয়ে যেমন পাঠদান দুষ্কর হয়ে পড়েছে, তেমনই স্কুলে আসা-যাওয়ার পথে সড়ক দুটি শিক্ষার্থীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানান বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলমগীর হোসেন।পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শিউলী জানায়, গাড়ির হর্নের বিকট শব্দে কিছুক্ষণ পরপর চমকে ওঠে তারা। বেশির ভাগ শিক্ষার্থী জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে।প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘বিদ্যালয়ের সামনে ও পেছনে দুটি সড়কে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। আমাদের শিক্ষার্থীরাও বাদ যাচ্ছে না। কিছুদিন আগে হাবিবুল্লাহ নামে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী মোটরসাইকেলের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। গত বছরের শেষের দিকে একটি যাত্রীবাহী বাস রাস্তার অপর পাশে উল্টে গেলে তিনজন নিহত হয়। সে ঘটনা এখনো আমার ছাত্রছাত্রীদের মনে বিভীষিকা হয়ে আছে। এ রকম ঘটনা রাস্তার এ পাড়ে ঘটলে সরাসরি বিদ্যালয়ের ওপরেই পড়বে।’ রিনা বেগম নামের এক অভিভাবক বলেন, ‘ছেলেকে স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। তাই ঘরের কাজ ফেলে ছেলের সঙ্গে স্কুলে এসে বসে থাকি। বিদ্যালয়ের কাছাকাছি রাস্তায় গতিরোধক (স্পিড ব্রেকার) থাকলে বাচ্চারা একটু নিরাপদে থাকত।’স্থানীয় বাসিন্দা ও আমতলী ডিগ্রি কলেজের প্রভাষক নজরুল ইসলাম তালুকদার আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘বিদ্যালয়ের সামনের রাস্তাটি খানাখন্দে ভরা। এখন তাই গাড়িগুলো এখানে গতি কমায়। রাস্তাটি সংস্কার করার পর দ্রুতগতির যানবাহনের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনিরাপদ থাকবে।’ আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যতিশ চন্দ্র শীল বলেন, ‘বিদ্যালয়ের কোলঘেঁষে দুটি রাস্তার জন্য ঘটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যেমন লেখাপড়ায় বিঘ্ন ঘটছে, তেমনই তারা মারাত্মক ঝুঁকির মধ্যেও আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’সড়ক ও জনপথ বিভাগ, পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী শওকত হোসেন বলেন, ‘নিয়ম অনুযায়ী মহাসড়কে গতিরোধক বসানো যাবে না। তবে বিদ্যালয়ের দুই পাশে “আস্তে চলুন, সামনে স্কুল” জাতীয় নোটিশ বোর্ড এবং সড়কের পাশে (বিদ্যালয়ের সামনের অংশে) ডার্ক পিলার (ছোট ছোট সিসি পিলার) বসানো যেতে পারে।’