জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুটি হলের দ্বিতীয় বর্ষে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় সাত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে৷ বৃহস্পতিবার দিবাগত রাতে সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷
রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, শহীদ রফিক-জব্বার হলের তিন শিক্ষার্থীকে ছয় মাসের ও বঙ্গবন্ধু হলের চার শিক্ষার্থীকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। শহীদ রফিক-জব্বার হলের বহিষ্কৃতরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শামীম আহাম্মেদ, আইন ও বিচার বিভাগের রাশেদ খান মেনন ও নৃবিজ্ঞান বিভাগের ইমরান হোসেন।
অপরদিকে বঙ্গবন্ধু হলের বহিষ্কৃতরা হলেন প্রাণিবিদ্যার ইশতিয়াক আহমেদ, গণিতের দ্বীপবেন্দু বিশ্বাস, লোকপ্রশাসনের কৌশিক রহমান এবং শাহরুখ শাহরিয়ার। একই ঘটনায় প্রত্নতত্ত্ব বিভাগের নাজমুল ইসলামকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গ্রীষ্মকালীন ছুটি শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরও জানান, আজ শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। এ ছুটি শেষ হবে আগামী ১৫ জুন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।