দুই হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ও আল-বেরুনী হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে গতকাল বৃহস্পতিবার সংঘর্ষে উভয় পক্ষের পাঁচ-ছয়জন আহত হয়েছেন। উভয় পক্ষ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী জানান, গতকাল দুপুরে মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের কর্মী ও মার্কেটিং বিভাগের ৪০ ব্যাচের শিক্ষার্থী রেদওয়ানকে বেয়াদবির অভিযোগ তুলে মারধর করেন আল-বেরুনী হল শাখা ছাত্রলীগের সভাপতি মহব্বত আমীন শিশির।
এ ঘটনার জের ধরে বিকেল সাড়ে চারটার দিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি রুহুল আমীন ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেনের নেতৃত্বে মীর মশাররফ হোসেন হলের দুই শতাধিক নেতা-কর্মী নিয়ে একটি মিছিল বের হয়। মিছিলটি আল-বেরুনী হলের দিকে এগিয়ে গেলে সেখানে উপস্থিত ওই হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের প্রায় ১০ মিনিট সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এতে উভয় পক্ষের পাঁচ-ছয়জন নেতা-কর্মী আহত হন। এ সময় আল-বেরুনী হলের পাশে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের জানালার কাচ ভাঙচুর করা হয়।
এ বিষয়ে প্রক্টর মুজিবুর রহমান বলেন, ‘কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় কারও বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে পারছি না। তবে দুই হলের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে প্রকৃত কারণ জানার চেষ্টা করছি।’
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুর রহমান বলেন, ‘এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা আলোচনার মাধ্যমে সমঝোতা করব।’