দুই হলের ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে গত বৃহস্পতিবার গভীর রাতে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জনসহ ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।
একাধিক প্রত্যক্ষদর্শীসহ বিভিন্নজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. আল ইমরান বৃহস্পতিবার রাতে কবি জসীমউদ্দীন হলের দেয়াল ঘেঁষে প্রস্রাব করেন। এ সময় জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা হামিদ তাঁর কাছে এর কারণ জানতে চান। এ নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়। ইমরান ওই হলের দোকানে চা খেয়ে ফেরার পথে রানার নেতৃত্বে জসীমউদ্দীন হলের ছাত্রলীগের কর্মীরা তাঁকে মারধর করেন। ইমরান জিয়া হলে ফিরে ‘বড় ভাইদের’ কাছে বিচার দিলে দুই হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রথম দফা সংঘর্ষেই জিয়া হলের ছাত্রলীগের সভাপতি আবু সালমান প্রধানের মাথা ফেটে যায়। পরে নবনির্মিত বিজয় একাত্তর হলের সামনের মাঠে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় উভয় পক্ষের হাতে রামদা, চাপাতি দেখা যায়।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কয়েকজন নেতা উপস্থিত হন। কয়েক দফা চেষ্টা করেও তাঁরা পাল্টাপাল্টি ধাওয়া থামাতে পারেননি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান একাধিকবার থামাতে গিয়ে নিজেই ধাওয়ার মুখে পড়েন। একপর্যায়ে সংঘর্ষে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও হলের ক্যানটিন বয়রাও জড়িয়ে পড়েন।
উভয় পক্ষই ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয় এবং পরস্পরকে ‘শিবির’ বলে আখ্যা দেয়। সংঘর্ষ শুরুর এক ঘণ্টারও বেশি সময় পর পুলিশ আসে। রাত ২টা ৫৫ মিনিটের দিকে ভারপ্রাপ্ত প্রক্টর, পুলিশ ও ছাত্রলীগ নেতাদের চেষ্টায় সংঘর্ষ থামে। এ সময় তিনটি অ্যাম্বুলেন্সে করে দুই হলের অন্তত ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। তাঁদের পাঁচজন গতকাল শুক্রবারও বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি ছিলেন। সংঘর্ষের সময় ইটপাটকেলে ও পাল্টাপাল্টি ধাওয়ার সময় ১০ জন সাধারণ শিক্ষার্থী সামান্য আহত হন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে গতকাল আল ইমরান তাঁকে নিয়ে ঘটনার সূত্রপাত হওয়ার কথা স্বীকার করেন। তবে রানা হামিদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। মেহেদী হাসান দাবি করেছেন, দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগ জড়িত নয়।
ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, ওই সংঘর্ষের ঘটনায় জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষক কাজী মাহফুজুল হককে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। যত দ্রুত সম্ভব তাঁদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়েই পুলিশ রওনা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত পুলিশ আনার কারণে সামান্য দেরি হয়েছে।