দুই হলের প্রভোস্টকে অব্যাহতি, আবার কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রাবাসের প্রভোস্টকে গতকাল মঙ্গলবার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপাচার্য মো. আনোয়ার হোসেন। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকে প্রশাসনের বিরোধিতা ও অসহযোগিতা করায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য। এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে ঈদের ছুটির পর গতকাল কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল থেকে প্রশাসনিক কাজ শুরু হলেও ক্লাস শুরু হবে আগামী শনিবার থেকে।
জানা গেছে, গতকাল বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের প্রভোস্ট মো. আনোয়ার খসরু এবং জাহানারা ইমাম হলের প্রভোস্ট শ্যামল কুমারকে অব্যাহতি দেওয়া হয়। তাঁদের স্থলে আল-বেরুনী হলের ওয়ার্ডেন এ কে এম জসীম উদ্দিনকে এবং জাহানারা ইমাম হলের সানজিদা মোবাশশারাকে ভারপ্রাপ্ত প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। যোগাযোগ করা হলে শ্যামল কুমার বলেন, অব্যাহতির কারণ সম্পর্কে প্রশাসন থেকে তাঁকে কিছু জানানো হয়নি। আনোয়ার খসরু বলেন, ‘আমি ছুটিতে আছি। অব্যাহতির ব্যাপারে আমি এখনো কিছু জানি না।’
তবে উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অবৈধ আন্দোলন চলছে। এই আন্দোলনকে কেন্দ্র করে এই দুজন প্রভোস্ট দীর্ঘদিন ধরে প্রশাসনের বিরোধিতা ও অসহযোগিতা করছেন। তাই উপাচার্য হিসেবে আমি তাঁদের অব্যাহতি দিয়েছি।’
এদিকে সাধারণ শিক্ষক ফোরামের আন্দোলন স্থগিতের সময়সীমা গতকাল শেষ হয়েছে। ৯ অক্টোবর শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে দেওয়া আশ্বাসের ভিত্তিতে ফোরাম ২২ অক্টোবর পর্যন্ত আন্দোলন স্থগিত করেছিল। তবে শিক্ষক ফোরাম না করলেও শিক্ষক সমিতির ব্যানারে গতকাল কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিতে পরবর্তী করণীয় নির্ধারণ করতে আজ শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান বলেন, ফোরামের সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল সন্ধ্যায় ফোরামের বৈঠক বসে।
তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি: এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন উপাচার্য। উপাচার্য বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হোক। আর প্রমাণিত না হলে যাঁরা বিশ্ববিদ্যালয়কে অচল করে রেখেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’