দুই হাজার অটোরিকশার বিরুদ্ধে মামলা, জব্দ ৭৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিটারের পরিবর্তে চুক্তিতে যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করা ঠেকাতে চট্টগ্রাম নগরে সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত পাঁচ ঘণ্টায় মিটারে যাত্রী পরিবহন না করার কারণে ২২৫টি অটোরিকশার বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সময়ে জব্দ করা হয়েছে সাতটি অটোরিকশা।
গত রোববার সকাল থেকে চট্টগ্রাম নগরে মিটারে না চলা ও মিটারবিহীন অটোরিকশার বিরুদ্ধে এ অভিযান শুরু করে পুলিশ। গতকাল বেলা দুইটা পর্যন্ত তিন দিনে মোট ২ হাজার ২৫টি অটোরিকশার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই সময়ের মধ্যে জব্দ করা হয়েছে মিটার ছাড়া রাস্তায় নামা মোট ৭৭টি অটোরিকশা।
ভাড়া নিয়ে অটোরিকশাচালকদের দৌরাত্ম্য থামাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করার দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের তিনটি গুরুত্বপূর্ণ মোড়ে অভিযান চলার সময় অটোরিকশার বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে প্রথম আলো। তাঁরা বলেন, মিটার ছাড়া কোনো অটোরিকশা রাস্তায় নামতে দেওয়া উচিত নয়। পুলিশ কঠোর ভূমিকা নিলে সব অটোরিকশাচালকই মিটারে চলতে বাধ্য হবেন।
নগরের হালিশহরের বাসিন্দা আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘মিটারে অটোরিকশা চললে ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার সুযোগ থাকে না। পুলিশি অভিযান শুরু হওয়ার পর আমরা মিটারে যাতায়াত করার সুযোগ পাচ্ছি।’
গতকাল বিকেলে নগরের গোলপাহাড় মোড় থেকে শহরতিলর আমানবাজারে চুক্তিতে এক যাত্রীকে নিয়ে যাচ্ছিলেন অটোরিকশাচালক মোবারক আলী। প্রবর্তক মোড়ে অটোরিকশাটি (নম্বর ১১-৯৯৭৫) থামান নগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট আদনীন আলম। প্রথমে সার্জেন্ট যাত্রীকে জিজ্ঞাসা করেন, কত ভাড়ায় যাচ্ছেন। যাত্রী ১৫০ টাকায় চুক্তি করে যাচ্ছিলেন বলার পরই চালকের কাছে মিটারে না যাওয়ার কারণ জানতে চান তিনি। কিন্তু চালক মোবারক আলী সদুত্তর দিতে না পারায় অটোরিকশাটির বিরুদ্ধে মামলা করা হয়। মিটারে গেলে ওই পথের সর্বোচ্চ ভাড়া হবে ১১০ টাকা।
সার্জেন্ট আদনীন আলম প্রথম আলোকে বলেন, ‘প্রথমে আমরা অটোরিকশার মিটারের দিকে তাকাই। তারপর যাত্রীকে জিজ্ঞেস করি মিটারে নাকি চুক্তিতে যাওয়া হচ্ছে। যাত্রী যদি চুক্তিতে যাওয়ার কথা বলে তাহলে মামলা দিই।’ তিনি বলেন, তিন দিনে প্রবর্তক মোড়ে ৪৩টি অটোরিকশার বিরুদ্ধে মামলা দিয়েছেন তিনি।
এর আগে সোমবার সকালে মিটার ছাড়া যাত্রী পরিবহনের কারণে আগ্রাবাদ বাদামতলী মোড়ে ১২-৩৪৫৯ নম্বরের একটি অটোরিকশার বিরুদ্ধে মামলা করে পুলিশ। এরপর থেকে চালক মো. জাবেদ হোসাইন মিটারে গাড়ি চালাচ্ছেন বলে দাবি করেন। জাবেদ হোসাইন বলেন, ‘সাত দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করা হবে।’ মিটার ছাড়া তিনি আর গাড়ি চালাবেন না বলেও অঙ্গীকার করেন।
নষ্ট মিটার নিয়ে যাত্রী পরিবহন করার কারণে সোমবার নগরের সদরঘাট সড়কে ১১-৪০৩২ নম্বরের অটোরিকশার বিরুদ্ধে মামলা করে পুলিশ। গতকাল বিকেলেও মিটারটি সচল না করে যাত্রী পরিবহন করছিলেন চালক নুরুল ইসলাম। প্রবর্তক মোড়ে অটোরিকশাটি থামায় পুলিশ। চালক দু-এক দিনের মধ্যে মিটার সচল করার প্রতিশ্রুতি দিলে পুলিশ গাড়িটি ছেড়ে দেয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান প্রথম আলোকে বলেন, অটোরিকশায় মিটার লাগানো হয়েছে মিটারে যাত্রী পরিবহন করার জন্য। যেসব অটোরিকশা মিটারে চলবে না, সেগুলোর বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিটার না থাকলে গাড়ি জব্দ হচ্ছে। মিটার সচল রেখে অটোরিকশা চালাতেই হবে।
মাসুদ-উল হাসান বলেন, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান শুরু করা হয়েছে। গতকাল দুপুর পর্যন্ত প্রায় দুই হাজার অটোরিকশার বিরুদ্ধে মামলা ও ৭৭টি জব্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
গত বছর অটোরিকশার ভাড়া পুনর্নির্ধারণ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দুই কিলোমিটারের ভাড়া ৪০ টাকা করা হয়। যা আগে ২৫ টাকা ছিল। এ ছাড়া প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়। যানজট বা অন্য কোনো কারণে আটকে থাকলে প্রতি মিনিট বিরতির জন্য গুনতে হচ্ছে ২ টাকা করে। যা আগে ছিল ১ টাকা ৪০ পয়সা। গত ১ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম নগরে মিটারে অটোরিকশা চলাচল শুরু হয়।
এ বিষয়ে ফোর স্ট্রোক-সিএনজিচালিত থ্রি-হুইলার সাধারণ মালিক ঐক্য পরিষদের সভাপতি মো. মহিউদ্দিন বলেন, চালকদের বারবার বলা হয়েছে মিটারে গাড়ি চালাতে। তাঁরা না মানলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক মো. নুর হোসেন বলেন, চট্টগ্রাম নগরে ১৩ হাজার অটোরিকশার নিবন্ধন দেওয়া হয়েছিল। এর মধ্যে মিটার সংযোজন করা হয়েছে ১০ হাজার ১৮২টির। জীর্ণশীর্ণ হয়ে যাওয়ার কারণে প্রায় পৌনে তিন হাজার অটোরিকশা রাস্তায় নেই বলে তিনি জানান। এ ছাড়া মালিকের জমা বাবদ প্রতিদিন সর্বোচ্চ ৯০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়। এটিও ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।