একটি ক্রসবাঁধ ও স্থায়ী স্লুইসগেট না থাকায় প্রায় দুই হাজার একর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। সেচের অভাবে বোরো চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের জবলাছড়ায় জরুরি ভিত্তিতে ক্রসবাঁধ তৈরি ও পরিকল্পিতভাবে স্থায়ী স্লুইসগেট নির্মাণের দাবিতে এলাকার কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাধবপুর ইউনিয়নের চার ভাগের তিন ভাগ হচ্ছে চা-বাগান ও পাহাড়ি এলাকা। বাকি এক ভাগের মধ্যে সমতল ভূমি। এই সমতল ভূমির জমির ওপরই এলাকার কৃষকেরা নির্ভরশীল। দীর্ঘদিন থেকে তাঁরা নিজেদের উদ্যোগে চা-বাগানসহ পাহাড়ি এলাকা থেকে উৎপন্ন হওয়া জবলাছড়ার (খাল) জলধারায় অস্থায়ী মাটির ক্রসবাঁধ তৈরি করে সেই পানি সেচ দিয়ে জমিতে চাষাবাদ করছেন। গত বছরও বোরো চাষের মৌসুমে এলাকাবাসী নিজস্ব উদ্যোগে ক্রসবাঁধ তৈরি করে পানি আটকে রেখে সুষ্ঠু সেচকাজে ব্যবহার করেছেন। কিন্তু এবার জবলাছড়ার সংশ্লিষ্ট স্থানের জমির মালিকেরা জমি থেকে বাঁধ তৈরির জন্য মাটি দিচ্ছেন না। জমির ওপরের স্তরের মাটি কেটে নিলে মাটির উর্বরতা কমে যায় বলে তাঁদের এই আপত্তি। জবলাছড়ায় জরুরি ভিত্তিতে ক্রসবাঁধ বা ড্যাম তৈরি এবং পরিকল্পিতভাবে স্থায়ী স্লুইসগেট নির্মাণের দাবিতে ১৪ ডিসেম্বর বাংলাদেশ কৃষক সমিতি মাধবপুর আঞ্চলিক শাখার উদ্যোগে কয়েক শ কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে ক্রসবাঁধ ও স্লুইসগেট নির্মাণের পাশাপাশি ধানের মণ ৮০০ টাকা করার দাবি জানানো হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি মাধবপুর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক নৃপেন্দ্র কুমার সিংহ গতকাল শুক্রবার বলেন, মাধবপুর ইউনিয়নের চার ভাগের এক ভাগে সমতল ভূমিতে যে কৃষি জমি আছে, পানির অভাবে এখন সেখানে চাষাবাদ হচ্ছে না। সেচ দিতে না পারায় আমন ধান ফুটতে পারেনি। এখন ক্রসবাঁধ না দিতে পারায় বোরো ধান চাষ করা সম্ভব হচ্ছে না। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ হোসেন কুটি গতকাল বলেন, জবলাছড়ায় ক্রসবাঁধ না দিলে তাঁরা বোরো ধান চাষ করতে পারবেন না। জবলাছড়ায় একটি স্লুইসগেট আছে। কিন্তু সেই স্লুইসগেটের পানি তাঁদের কোনো কাজে লাগছে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী গতকাল স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘এলাকার লোকজন বাঁধ ও স্লুইসগেটের দাবি জানিয়েছেন। তাঁদের দাবির যৌক্তিকতা আছে। উপজেলা প্রকৌশলীকে বলেছি, বিষয়টি দেখে জানাতে। এ ছাড়া ধানের মূল্যবৃদ্ধিসহ অন্যান্য দাবি সরকারের ঊর্ধ্বতন মহলে পাঠিয়ে দিয়েছি।’