দুই হাজার একর বন পাহারায় একজন প্রহরী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রায় ২৪ হাজার একর বনভূমির পাহারা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন মাত্র ১১ জন বনপ্রহরী (ফরেস্ট গার্ড)। এতে গড়ে প্রায় দুই হাজার একর বনভূমি পাহারার দায়িত্ব পড়ে একজন বনপ্রহরীর ওপর। এ কারণে বনদস্যুদের মোকাবিলা করা সম্ভব হচ্ছে না। বনকর্মীরা জানিয়েছেন, লোকবলের ঘাটতির কারণে বনপ্রহরীদের প্রয়োজনে ছুটি মিলছে না। প্রত্যন্ত এসব বনাঞ্চলে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাঁদের। এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উপবনসংরক্ষক জগলুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘বনপ্রহরীসহ অন্যান্য ক্ষেত্রে লোকবল সংকটের কারণে কাজ করতে হিমশিম খেতে হচ্ছে। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন মহলে জানিয়েছি।’জানা যায়, ২০০২ সালে বাঁশখালীর জলদী এবং লোহাগাড়া ও চকরিয়ার অংশবিশেষ নিয়ে চুনতি অভয়ারণ্য, বাঁশখালী ইকো পার্ক এবং ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নিয়ে গড়ে তোলা হয় চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এর মধ্যে জলদী ও চুনতি অভয়ারণ্য, বাঁশখালী ইকো পার্ক এলাকার মোট বনভূমির পরিমাণ ২৩ হাজার ৯২৮ একর বা প্রায় ২৪ হাজার একর। এত বিশাল বনভূমির পাহারায় রয়েছেন মাত্র ১১ জন বনপ্রহরী। তার মধ্যে বদলি হয়ে যাওয়া তিনজন বনপ্রহরীকে ছাড়পত্র না দিয়ে এখনো বহাল রাখা হয়েছে। চাকরি কাঠামোতে ২৬ জন বনপ্রহরীর পদ রয়েছে বলে জানা যায়। এ ছাড়া এ বিভাগে একজন উপবনসংরক্ষক, ছয়জন সহকারী বনসংরক্ষক, ১৯ জন ফরেস্টার (বিট কর্মকর্তা) ও ছয়জন ফরেস্ট রেঞ্জারের পদ রয়েছে। এর মধ্যে কাজে নিয়োজিত আছেন কেবল দুজন সহকারী বনসংরক্ষক, ১১ জন বিট কর্মকর্তা, দুজন ফরেস্ট রেঞ্জার। চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে প্রতিষ্ঠার শুরু থেকেই জনবলের ঘাটতি রয়েছে বলে জানা যায়। এখানে রয়েছে দুটি রেঞ্জ ও সাতটি বনবিট। দুটি রেঞ্জ হচ্ছে জলদী ও চুনতী অভয়ারণ্য রেঞ্জ। এর মধ্যে জলদীতে চারটি ও চুনতিতে তিনটি বিট রয়েছে। জানা যায়, বনপ্রহরী সংকটের কারণে বিভিন্ন এলাকায় গাছচোর ও বনদস্যুদের হামলা প্রতিহত করা সব সময় সম্ভব হয় না। এদিকে জলদী, চাম্বল, পুঁইছড়ি, নাপোড়া বিটে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা না থাকায় সেখানে মানবেতরভাবে বসবাস করতে হচ্ছে বনপ্রহরীদের। তাঁরা অসুখ-বিসুখ অথবা পারিবারিক প্রয়োজনেও ছুটি পান না। লোকবল সংকটের কারণে তাঁদের কাজ করে যেতে হয় দিনের পর দিন।বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বনসংরক্ষক আনোয়ার হোসেন সরকার বলেন, ‘লোকবলের ঘাটতির কারণে আমরা সব সময় তাদের পাওনা ছুটিও দিতে পারি না। বিষয়টি অমানবিক হলেও এ ক্ষেত্রে আমাদের করার কিছুই থাকে না।’