দুই হাজার কৃষক পাবেন প্রণোদনার বীজ-সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত ১ হাজার ৯০০ কৃষককে তাঁদের ক্ষতি পুষিয়ে নিতে দেওয়া হচ্ছে ১৯ লাখ টাকার শস্যবীজ ও সার। সরকারের কৃষি মন্ত্রণালয় এই প্রণোদনা দিচ্ছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার ১০০ কৃষকের প্রত্যেককে ২০ কেজি গমবীজ ও ৩০ কেজি সার দেওয়া হবে। এ ছাড়া অন্য ১ হাজার ৬৫০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি সরিষাবীজ ও ৩০ কেজি করে সার দেওয়া হবে। আরও ১৫০ জন কৃষকের প্রত্যেককে ৮০ কেজি আলুবীজ ও ২০ কেজি করে সার দেওয়া হবে।
বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার চার-পাঁচজন কৃষক বলেন, কিছুদিন আগে উপজেলার নদীসংলগ্ন নিচু এলাকার কৃষকদের কেউ কেউ আগাম সবজি ও ধান চাষ করেছিলেন। এমন সময় বন্যার পানিতে খেত তলিয়ে যায়। নতুন করে ফসল ফলাতে তাঁদের খুব কষ্ট হচ্ছে। এ সময় সরকারের প্রণোদনা সঠিক ব্যক্তির কাছে পৌঁছালে তাঁদের অনেক উপকারে আসবে। উপজেলার মহাবালা গ্রামের কৃষক আকরাম হোসেন (৫০) বলেন, ‘বন্যায় হামার সব শ্যাষ। ট্যাকা না জোগাড় করবার পারলে হামার আবাদ করা হবি ন্যা।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, বন্যায় ৫০০ হেক্টর জমির আমন ও ৫০ হেক্টরের সবজি বিনষ্ট হয়েছে। শিগগিরই এসব ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা দেওয়া হবে। এ জন্য পরিবহন ও আনুষঙ্গিক খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে ১৯ লাখ ২১ হাজার ২৫০ টাকা।