দুই হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক গ্রুপের আত্মসাৎ করা দুই হাজার ৬৬৮ কোটি টাকা থেকে অন্তত দুই হাজার কোটি টাকা আদায়ের আশা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। অর্থমন্ত্রী বলেছেন, টাকাটা কীভাবে আদায় করা যায়, সেটাই আসল লক্ষ্য। কিন্তু এ ব্যাপারে প্রচারণা কম হলে ভালো হয়। সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পাওয়ার প্রস্তুতিমূলক বৈঠক শেষে অর্থমন্ত্রী গতকাল বুধবার সাংবাদিকদের এসব কথা বলেন। আইএমএফের একটি প্রতিনিধিদল চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে।৪০ হাজার কোটি টাকার ঋণের মধ্যে চার হাজার কোটি টাকার অনিয়ম অত বড় কোনো অঙ্ক নয়—মঙ্গলবার এক সেমিনারে দেওয়া অর্থমন্ত্রীর এ বক্তব্যের পক্ষে গতকালও কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, তা কিছুই না। এখনো বলছি।’ তিনি বলেন, ‘আমি ৪০ হাজার কোটি টাকা ঋণ দিই। ঋণের স্থিতি নয়, ঋণ। স্থিতি তো কয়েক লাখ কোটি টাকা হবে।’ ৪০ হাজার কোটিতে চার হাজার কোটি টাকা কত—সাংবাদিকদের কাছে এ প্রশ্ন রেখে নিজেই তাঁর জবাব দেন অর্থমন্ত্রী। বলেন, ‘১ শতাংশ।’ (প্রকৃতপক্ষে তা হবে ১০ শতাংশ)। তবে একটা প্রতিষ্ঠানের জন্য বিবেচনা করলে এটা খুবই খারাপ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সোনালী ব্যাংকের বাকি ঋণগুলো কিন্তু খারাপ না। অথচ অতিরঞ্জন করে কথা বলা হচ্ছে। অর্থমন্ত্রী বলেন, ‘তোমাদের প্রচারণার কারণে সমস্যা হয়। চিৎকার-চেঁচামেচি হয়ে গেলে বলে কোর্টে যাব। তখন নিষ্পত্তি হতে হতে কত দিন লাগে আল্লায়ই জানেন।’ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদ: রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংকের পর্ষদ সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকার সময়ে হঠাৎ চেয়ারম্যানদের মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো—এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘পর্ষদ মূলত পুনর্গঠিত হচ্ছে। ৯ সেপ্টেম্বর সমস্ত পর্ষদের মেয়াদ শেষ। এক মাস ধরে পুনর্গঠনের প্রক্রিয়ায় আছি আমরা। আজ (বুধবার) শুধু চেয়ারম্যানদের মেয়াদ বাড়িয়েছি। পুরো পর্ষদের এখনো কিছুই হয়নি।’ পদ্মা সেতু প্রসঙ্গ: পদ্মা সেতুর অর্থায়নের ব্যাপারে দর-কষাকষি করতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীকে আবারও ওয়াশিংটনে পাঠানো হবে বলে জানান অর্থমন্ত্রী। গওহর রিজভী ওয়াশিংটনে গিয়ে কী দর-কষাকষি করবেন—জানতে চাইলে মুহিত বলেন, ‘আর কী, কীভাবে দাতাদের কাছ থেকে অর্থটা পাওয়া যায়। সেই চেষ্টাই করবেন তিনি।’