চাল সরবরাহে ব্যর্থ : আরও দুই হাজার ৩০৫ চালকলকে সতর্ক করে চিঠি দিয়েছে খাদ্য বিভাগ
দুই হাজার চালকল নিষিদ্ধ
চুক্তি করেও নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি গুদামে চাল না দেওয়ায় দুই হাজার চালকলের মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে খাদ্য বিভাগ। তাঁদের জামানত বাজেয়াপ্ত ও দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া আরও দুই হাজার ৩০৫ জন চালকলের মালিককে নির্দিষ্ট সময়ের মধ্যে চাল না দেওয়ায় সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে চাল সরবরাহে ব্যর্থ হলে তাঁদেরও একই শাস্তি দেওয়া হবে।
এর আগে ২০১০ থেকে গত বোরো মৌসুম পর্যন্ত সময়ে চাল সরবরাহে ব্যর্থ ৯৫৬ ব্যবসায়ীর জামানতের তিন কোটি ৩২ লাখ ৮৪০ টাকা বাজেয়াপ্তসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গত বোরো মৌসুমে চালকলের মালিকেরা সরবরাহে ব্যর্থ হওয়ায় খাদ্য বিভাগ লক্ষ্যমাত্রার চেয়ে পৌনে দুই লাখ টন চাল কম সংগ্রহ করে। এ কারণে দেশের খাদ্য মজুত ঝুঁকিতে পড়ে।
খাদ্য বিভাগ এবং চালকলের মালিকদের সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময়ে চাল সরবরাহে ব্যর্থ চালকলের ৬০ শতাংশ মালিকই বর্তমান সরকারের আমলে নিয়োগ পাওয়া। রাজনৈতিক চাপ এবং খাদ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের যোগসাজশে এঁরা সরকারি গুদামে চাল সরবরাহের জন্য তালিকাভুক্ত হন। এঁদের অনেকেরই চালকল নেই বা বন্ধ রয়েছে। গত বোরো ও আমনের সংগ্রহ কার্যক্রম শুরুর আগে চালের দাম কম থাকায় অধিক মুনাফার লোভে তাঁরা তালিকাভুক্ত হয়েছিলেন। কিন্তু হঠাৎ করে বাজারে ধানের দাম বেড়ে যাওয়ায় চালকলের এসব মালিক গুদামে চাল সরবরাহ করেননি। নিয়ম হচ্ছে, মোট সরবরাহের অঙ্গীকার করা চালের দামের ১ শতাংশ অর্থ জামানত হিসেবে জমা দিতে হয়। চাল সরবরাহের পর ওই টাকা ফেরত দেওয়ার নিয়ম রয়েছে। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ধান-চাল সরবরাহের জন্য ১৮ হাজার ৪৬৩ চালকল মালিকের সঙ্গে চুক্তি করে সরকার।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি গুদামে বর্তমানে গত পাঁচ বছরের এই সময়ের তুলনায় সবচেয়ে কম চাল মজুত রয়েছে। বর্তমানে সরকারি গুদামে চাল-গম মিলিয়ে নয় লাখ ৬৯ হাজার টন খাদ্য রয়েছে। গত বছরের একই সময়ে ছিল ১২ লাখ ৪১ হাজার টন। মজুত কম থাকার পেছনে চালকলের মালিকদের চুক্তি ভঙ্গকে দায়ী করছে খাদ্য বিভাগ।
সংগ্রহ নীতিমালা অনুযায়ী, চালকলের মালিক হিসেবে লাইসেন্স নিতে হলে ব্যবসায়ীদের ধান-চাল শুকানোর চাতাল, চালকল, বিদ্যুৎ-সংযোগ, গুদাম ব্যবসার অনুমতিপত্র, পরিবেশের ছাড়পত্র ও আয়করের কাগজপত্র থাকতে হবে।
এই পরিস্থিতিতে সম্প্রতি খাদ্য বিভাগ আমনের সংগ্রহ লক্ষ্যমাত্রা দুই লাখ টন থেকে দুই দফা বাড়িয়ে চার লাখ টন করেছে। এর মধ্যে তিন লাখ টন সংগ্রহ লক্ষ্যমাত্রার মধ্যে দুই লাখ ২২ হাজার ২৮৩ টন চাল সংগ্রহ করেছে। আর নতুন করে এক লাখ টন সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়িয়ে চালকলের মালিকদের সঙ্গে চুক্তি করার প্রস্তুতি চলছে।
খাদ্য বিভাগের মহাপরিচালক আহমদ হোসেন খান প্রথম আলোকে বলেন, সরবরাহে ব্যর্থ চালকলের মালিকদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা আগামী দিনেও অব্যাহত থাকবে। কেননা চুক্তি করে চাল সরবরাহ করতে ব্যর্থ হলে তা সামগ্রিকভাবে দেশের খাদ্য মজুতের ওপরে প্রভাব ফেলে।
দেশে চালকলের মালিকদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ অটোমিলার অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি লায়েক আলী প্রথম আলোকে বলেন, অনেক চালকলের মালিক হঠাৎ করে ধানের দাম বেড়ে যাওয়ায় চাল সরবরাহে ব্যর্থ হয়েছেন। তবে নতুন করে যাঁরা চুক্তি করেছেন, তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে চাল সরবরাহ করতে পারবেন বলে তিনি আশা করেন।
গত বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহ করতে না পারায় সরকার তার সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিছুটা কমিয়ে এনেছে। বিশেষ করে প্রায় প্রতিবছরই জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সারা দেশে খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রম ওএমএস চালু থাকে। বর্তমানে রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় ওএমএস চলছে। তাও একজন ডিলারকে তিন টন চালের জায়গায় এক টন চাল দেওয়া হচ্ছে।