লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রায় দুই হাজার জেলের নাম সরকারের দেওয়া চালের বরাদ্দ তালিকায় নেই। অভিযোগ উঠেছে, বরাদ্দ তালিকায় নাম উঠাতে তাঁদের জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিতে হয়েছে।
মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, জাটকা রক্ষায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মার্চ থেকে এপ্রিল পর্যন্ত মেঘনায় মাছ ধরা যাবে না। এর আগে চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকায় সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ করা হয়। জেলেদের সহায়তায় সরকার থেকে চাল দেওয়া হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আরও থেকে জানা গেছে, রায়পুর উপজেলার দক্ষিণ চর বংশী, উত্তর চর বংশী, দক্ষিণ চর আবাবিল ও উত্তর চর আবাবিল ইউনিয়নে ৬ হাজার ২৫৬ জন জেলে আছেন। এর মধ্যে ইউনিয়ন পরিষদের কাছ থেকে পাওয়া তালিকা অনুযায়ী ৪ হাজার ১৯৬ জন জেলেকে মার্চ থেকে মে পর্যন্ত প্রতি মাসে সরকারের পক্ষ থেকে ৪০ কেজি করে চাল দেওয়ার প্রক্রিয়া চলছে।
ওই তালিকায় নাম না থাকা নাইয়া পাড়ার জেলে তোফায়েল বলেন, ‘দুই মাস ক্যান্নে চইলাম, তা মনে অইলে বুকডা ধপ করি উডে। মনে অয় আংগো গেরামে দুর্ভিক্ষ লাগজে।’ চর বংশী গ্রামের আবদুল মোমিন ও আবদুল আজিজ বলেন, মাছ ধরে তাঁরা সংসার চালান। অন্য কোনো কাজও তাঁদের জানা নেই। মাছ ধরা বন্ধ রাখলেও সরকারিভাবে চাল পাননি। তাঁদের মতো এলাকার অনেক জেলেই চাল বরাদ্দ পান না। এই অবস্থায় পরিবার-পরিজন নিয়ে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন।
তালিকায় নাম নেই এমন পাঁচজন জেলে বলেন, তাঁরা সবাই কার্ডধারী জেলে। মৎস্য দপ্তরের তালিকায়ও তাঁদের নাম আছে। তবে ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিরা যাঁদের তালিকা দিচ্ছেন, শুধু তাঁরাই বরাদ্দ পাবেন। বরাদ্দ তালিকায় নাম থাকা চর বংশী ইউনিয়ন পরিষদের দুজন জেলে বলেন, ইউনিয়ন পরিষদের তালিকায় নিজেদের নাম রাখতে তাঁরা ইউপি সদস্যদের কাছে বারবার ধরনা দেন।
এ বিষয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান খালেদ দেওয়ান বলেন, সব জেলেই সহায়তা পাওয়ার যোগ্য। কিন্তু বরাদ্দ না থাকায় কিছুসংখ্যক জেলের নাম তালিকা থেকে বাদ পড়েছে। রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন বলেন, জেলের তুলনায় চাল বরাদ্দ কম থাকায় দুই হাজার জেলেকে পুনর্বাসনের আওতায় আনা সম্ভব হয়নি।
রায়পুর খাসের হাট মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোস্তফা ব্যাপারী বলেন, সুবিধাবঞ্চিত জেলেরা জীবন বাঁচাতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামতে পারেন। এতে সরকারের উদ্দেশ্য সফল হবে না। এ জন্য সব জেলের নামে চাল বরাদ্দ করা প্রয়োজন।