দুই হাজার টাকায় 'খুনি' ভাড়া করে সতিনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাত্র দুই হাজার টাকা দিয়ে পেশাদার খুনি ভাড়া করে মনিরা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে তাঁর সতিন খুন করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার বাউরাইদ বানেরহাওলা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই গৃহবধূর সতিন রহিমা আক্তার (৩০) ও মো. শামিম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
নিহত মনিরা ও তাঁর সতিন রহিমা ওই গ্রামের ব্যবসায়ী মো. হানিফের স্ত্রী। মনিরার বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। পুলিশ ও নিহত মনিরার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাপাসিয়া সদর বাজারের হোটেল ব্যবসায়ী মো. হানিফ দুই স্ত্রীকে নিয়ে বাউরাইদ বানেরহাওলা গ্রামের হারিছুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে এক ব্যক্তি মনিরার ঘরে ঢুকে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনাস্থলেই মনিরা মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুলিশ হানিফের বড় স্ত্রী রহিমাকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে রক্তমাখা জামা পরা অবস্থায় শামিমকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামিম পুলিশকে জানান, মনিরাকে হত্যার জন্য রহিমা তাঁকে ভাড়া করেন। এ জন্য রহিমা তাঁকে দুই হাজার টাকাও দিয়েছেন। ভাড়াটে খুনি শামিমকে রক্তমাখা জামাকাপড় পরা অবস্থায় গ্রেপ্তার করে।
গতকাল বেলা তিনটায় কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।