ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) মাইক্রোওয়েভ স্টেশনে গতকাল সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সব কটি উপজেলার প্রায় দুই হাজারের বেশি টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, সকাল সাতটার দিকে নিচতলার মাইক্রোওয়েভ কক্ষটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আধা ঘণ্টার আগুনে কয়েক কোটি টাকার কেব্ল ও যন্ত্রাংশ পুড়ে যায়। এতে প্রথমে পুরো জেলার টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। পরে সকাল ১০টার দিকে শুধু জেলার ভেতরে থাকা টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ চালু করতে সক্ষম হয় বিটিসিএলের কারিগরি দল। কিন্তু সবগুলো উপজেলায় সংযোগ চালু করতে পারেনি তারা।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়ালিউল্লাহ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।